করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বাড়তে থাকায় ভারতকে ১ লাখ ৭০ হাজার ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) দিয়েছে চীন। এক বিবৃতিতে এই খবর নিশ্চিত করেছে দেশটির প্রেস ইনফরমেশন ব্যুরো। —আনন্দবাজার পত্রিকা
কোভিড-১৯ এ আক্রান্ত রোগীর চিকিৎসায় স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা পোশাক হিসেবে ব্যবহৃত হয় পিপিই। চীনের পাশাপাশি সিঙ্গাপুরভিত্তিক কোম্পানির কাছে ৮০ লাখ পূর্ণাঙ্গ পিপিই চেয়েছে ভারত। ১১ এপ্রিলের মধ্যে চালানটি সরবরাহ করা হবে জানা গেছে। এছাড়া আরেকটি চীনা কোম্পানিকে ৬০ লাখ পিপিই অর্ডার দেওয়ার আলোচনা চলছে।
চিকিৎসা সরঞ্জামের জন্য ভারত কেবল বিদেশের ওপর ভরসা করে নেই। তারা দেশেই পিপিই ও এন ৯৫ মাস্ক উৎপাদন করছে। সেগুলো দেশের হাসপাতালগুলোতে পাঠানো হবে জানিয়েছে প্রেস ইনফরমেশন ব্যুরো। বিশেষ করে যেসব রাজ্যের করোনার সংক্রমণ বেশি।
ভারতে সবচেয়ে বেশি খারাপ পরিস্থিতি এখন মহারাষ্ট্রে। সব মিলিয়ে দেশটিতে ৪ হাজার ৭৭৮ জনের নিশ্চিত সংক্রমণের খবর পাওয়া গেছে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, ভারতে মৃতের সংখ্যা ১৩৬।
ইত্তেফাক/এমআর