কাপ্তাই (রাঙ্গামাটি): কৃষি গবেষণায় বিশেষ অবদান রাখায় এবং নতুন কৃষি জাত উদ্ভাবন করায় কাপ্তাইয়ে অবস্থিত পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র রাইখালীর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আলতাফ হোসেনকে সংবর্ধনা ও সম্মাননা জানিয়েছে বাংলাদেশ মানবাধিকার কমিশন কাপ্তাই শাখা। ড. আলতাফ হোসেনের হাতে ক্রেস্ট তুলে দিয়ে তাঁকে সম্মাননা জানান, মানবাধিকার কমিশন কাপ্তাই শাখার প্রধান উপদেষ্টা প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরী এবং মানবাধিকার কমিশন কাপ্তাই শাখার সভাপতি খোরশেদুল আলম কাদেরী। পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের সম্মেলন কক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বৈজ্ঞানিক কর্মকর্তা মাইদুল ইসলাম, মোঃ জাহিদ হোসেন, মোঃ নাহিদ, মানবাধিকার কমিশন কাপ্তাই শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক কাজী মোশাররফ হোসেন। কাপ্তাই মানবাধিকার কমিশনের সভাপতি খোরশেদুল আলম কাদেরী বলেন, ড. আলতাফ কৃষি গবেষণা কেন্দ্রে যেসব জাত উদ্ভাবন করেছেন তার স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মাননা জানানো হলো। সংবর্ধিত অতিথি পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আলতাফ হোসেন বলেন, কৃষি উন্নয়নের প্রত্যয় নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। বাহবা অথবা সম্মাননা পাওয়ার জন্য আমরা কাজ করছি না। তবে কাজের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ মানবাধিকার কমিশন কাপ্তাই শাখার পক্ষ থেকে সম্মাননা পেয়ে তিনি আনন্দিত বলে জানান —ইত্তেফাক