করোনা ভাইরাসে বিস্তার ঠেকাতে বিশ্বের বিভিন্ন দেশের মতো দক্ষিণ আফ্রিকাতেও চলছে লকডাউন। আর এই লকডাউনের মধ্যে বিয়ের অনুষ্ঠান আয়োজন করায় বর-কনেসহ ৫২ জনকে আটক করেছে দেশটির পুলিশ।
সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, গত রবিবার দক্ষিণ আফ্রিকার রিচার্ডস বে শহরে পাত্র জাবুলানি জুলু এবং পাত্রী নোমথানদাজো খিজের বিয়ের অনুষ্ঠান চলছিল। লকডাউন না মেনে ওই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হন আরো ৫০ জন । খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ নবদম্পতিসহ ৫২ জনকে ওই অনুষ্ঠান থেকে আটক করে। পরে মাথাপিছু এক হাজার রেন্ড (দক্ষিণ আফ্রিকান মুদ্রা) জরিমানার বিনিময়ে তাদের জামিন দেয়া হয়।
এ বিষয়ে দক্ষিণ আফ্রিকার পুলিশের মুখপাত্র ভিশ নাইডু জানাচ্ছেন, আমি মনে করি না এই মুহূর্তে বিয়ে করার কোনও যুক্তিযুক্ত কারণ আছে। আমরা প্রত্যেকের সঙ্গে আলাদা করে কথা বলব এবং তারপর তাদের উপরে মামলা করা হবে। আগামী সোমবার তাদের আদালতে তোলা হবে বলে জানিয়েছে দক্ষিণ আফ্রিকার পুলিশ।
দক্ষিণ আফ্রিকায় এখনও পর্যন্ত ১,৭০০ করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে। আগামী ১৬ এপ্রিল পর্যন্ত দেশটিতে লকডাউন থাকবে।
ইত্তেফাক/এআর