শরীয়তপুরে অগ্নিকাণ্ডে ১৪টি দোকান ভস্মীভূত

শরীয়তপুর জেলা সদরের একটি বিপণি বিতানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে শহরের চৌরঙ্গী মোড়ে এ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৪টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। প্রায় ছয় কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। এ ঘটনার পর শুক্রবার সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহাবুর রহমান শেখ ও সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। খবর পেয়ে শরীয়তপুর সদর, ডামুড্যা ও মাদারীপুর ফায়ার সার্ভিসের তিনটি দল দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

দেলদুয়ারে আগুনে ৫ দোকান ভস্মীভূত

দেলদুয়ার (টাঙ্গাইল ) সংবাদদাতা জানান, বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে টাঙ্গাইলের দেলদুয়ার দক্ষিণ বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। ব্যবসায়ীদের তথ্যমতে ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হচ্ছেন নিতাই সাহা, বাবুলাল, স্বপন সাহা, সুশীল সাহা, অমল সাহা ও অজিত সাহা। খবর পেয়ে রাত প্রায় সোয়া দুইটার দিকে টাঙ্গাইল থেকে ফায়ার সার্ভিস আসে। দীর্ঘ প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন।

সদরপুরে ২৫ দোকান ভস্মীভূত

সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা জানান, সদরপুর উপজেলার সাড়ে সাত রশি বাজারে ভোর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ১৮ জন দোকান মালিকের প্রায় ২৫টি দোকান অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ অনুমান প্রায় ১ কোটি টাকা ধারণা করা হচ্ছে। ফরিদপুর ও ভাংগা ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাত্ক্ষণিক ৩টি ইউনিট ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে সহযোগিতা ও সমবেদনা জানান।