ডটবাংলা ও ডটবিডি ডোমেইন নবায়নে বিশেষ সুবিধা দিয়েছে বিটিসিএল

বাংলা ভাষায় স্বীকৃত বাংলাদেশের জাতীয় ডোমেইন  ডটবাংলা (.Bangla) ও ডট বিডি (.BD) নবায়নে বিলম্ব মাশুল মওকুফ করা হয়েছে।  কোভিড-১৯-এর বৈশ্বিক সংকটের সৃষ্ট প্রভাব বিবেচনায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের নির্দেশে বিটিসিএল সম্প্রতি এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে। গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী পহেলা মার্চ ২০২০ থেকে পহেলা জুন ২০২০ পর্যন্ত বিলম্ব মাশুল ছাড়াই ডটবাংলা ও  ডটবিডি নবায়ন করা যাবে। এরই মধ্যে যে সকল গ্রাহক পহেলা মার্চের পর বিলম্ব মাশুলসহ ডোমেইন নবায়ন করেছেন তাদের বিলম্ব মাশুল ফেরত দেওয়া হবে। এর আগে ২০১৮ সালের ৭ মার্চ থেকে ডটবাংলা ও ডট বিডি ডোমেইনের দাম কমিয়ে আনা হয়। সবার জন্য সহজলভ্য ও দেশি এক্সটেনশনে ডোমেইনের ব্যবহার বাড়াতেই মূলত ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের নির্দেশনায় এই উদ্যোগ নেওয়া হয়। বাংলাদেশের জাতীয় ডোমেইন  ডটবাংলা (.Bangla) ও ডটবিডি (.BD) নবায়ন ও নিবন্ধনের জন্য bdia.btcl.com.bd লিংকে যোগাযোগ করতে পারেন।