এই সময়ের ছড়া

করোনাকাল

কী ঝামেলায় পড়েই গেলাম ভাই রে

এই অপয়া সময়টাতে যাচ্ছি না তো বাইরে।

ঘরের ভেতর থাকতে হচ্ছে বন্দি

ভাবছি শুধু পড়াশোনায় মন দি।

 

হাই বা হ্যালো করছি তবে মেলাচ্ছি না হাত রে

দূরে থেকেই দিচ্ছি বিদায়, হাসছি অকস্মাত্ রে।

করোনাটা নিচ্ছে কেড়ে সব শান্তি-সুখ যে

হায় কতদিন দেখব না আর আপনজনের মুখ যে!

 

ঘুমের ঘোরেও সাবান-সোডায় হাতটা ধুয়ে নিচ্ছি

কোভিড-১৯ নিয়েই এখন চিন্তাতে ডুব দিচ্ছি।

বিশ্ব জুড়ে মৃত্যুমিছিল কমছে নাকি বাড়ছে

হাঁচি-কাশির মধ্যে বুঝি যমেই কড়া নাড়ছে।

 

অদৃশ্য এই প্রাণের ঘাতক কবে হবি নাশ রে

মন খুলে আর হাসব কবে যাচ্ছে চলে মাস রে...