ডেঙ্গু মোকাবিলায় ব্যবস্থা জরুরি

করোনার কারণে ঠান্ডা, কাশি ও জ্বরের সাধারণ রোগীরা দুর্ভোগ পোহাচ্ছে। করোনা ও ডেঙ্গুর লক্ষণসমূহ প্রায় একই ধরনের, তাই রোগ শনাক্ত নিয়ে জটিলতা তৈরি হতে পারে। ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে গেলে প্রাথমিক অবস্থায় করোনা ও ডেঙ্গুর পার্থক্য শনাক্ত করা কঠিন হবে। যেহেতু ডেঙ্গু রোগীরও মশার কামড়ে সুস্থ মানুষ আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, তাই চিকিত্সা বিলম্ব হওয়ার কারণে নতুন আক্রান্তের সংখ্যা বৃদ্ধি ও মৃত্যুঝুঁকি অনেক বেড়ে যাবে। জটিল অবস্থা সৃষ্টি হওয়ার আগেই ডেঙ্গুর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ভয়াবহ পারস্থিতির সৃষ্টি হতে পারে। করোনা ভাইরাস সংক্রমণ রোধে কঠোর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি অন্য রোগ-ব্যাধির প্রাদুর্ভাব যাতে না ঘটে, সেজন্য প্রয়োজনীয় কার্যকর উদ্যোগ নেওয়া উচিত। যথাসময়ে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা করতে এখনই মশা ধ্বংসকারী ওষুধ আমদানি ও মজুত এবং প্রয়োগের ব্যবস্থা করা দরকার। সরকারের সকল নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে ডেঙ্গু এবং করোনা মোকাবিলায় আসুন যুদ্ধ ঘোষণা করি। আমরা নিজে সুস্থ থাকি, অন্যকে সুস্থ রাখি এবং পরিবার, সমাজ ও দেশকে মহামারি থেকে রক্ষা করি।

আবু সাঈদ দেওয়ান সৌরভ

মিরাপাড়া, রিকাবী বাজার, মুন্সীগঞ্জ