তাবলিগের সাত ভারতীয় নাগরিক কোয়ারেন্টাইনে

রাঙ্গাবালী (পটুয়াখালী) সংবাদদাতা

করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের ফুলখালী গ্রামে তাবলিগ জামাতের সাত ভারতীয় নাগরিককে মঙ্গলবার কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ১ জানুয়ারি তাবলিগ জামাতে অংশ নিতে ভারত থেকে বাংলাদেশে আসেন ঐ সাত ভারতীয়। পরে ৩৩ দিন পটুয়াখালী, ১৮ দিন কলাপাড়া ও আট দিন গলাচিপা থাকার পর তারা এ উপজেলায় অবস্থান করছিল। সর্বশেষ উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে তিন দিন ধরে ফুলখালী গ্রামে অবস্থিত তাবলিগ জামাতের নির্ধারিত একটি ঘরে অবস্থান করে ঐ ভারতীয়রা। এমন খবরের ভিত্তিতে মঙ্গলবার বিকাল ৫টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে তাদেরকে হোম কোয়ারেন্টাইনের নির্দেশ দেন।   

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাশফাকুর রহমান বলেন, ‘করোনার ঝুঁকি এড়াতে তাবলিগ জামাতে আসা সাত ভারতীয়কে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।’