খুলনা অফিস
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের করোনা ভাইরাসে আক্রান্ত এমন গুজব ইউটিউবে প্রকাশ করার অভিযোগে রুহুল আমিন (২২) নামের এক যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় নগরীর বাগমারা মেইন রোড এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। আটক রুহুল আমিন বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার পশ্চিম রাজৈর গ্রামের নজরুল ইসলামের ছেলে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) এডিসি (মিডিয়া) শেখ মনিরুজ্জামান মিঠু জানান, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মর্মে ভিডিও ধারণ করে রুহুল আমিন তার নিজের ইউটিউব চ্যানেল তাজ টিভিতে আপলোড করেন। রুহুলের বিরুদ্ধে করোনা ভাইরাস সম্পর্কে গুজব সৃষ্টির অপরাধে খুলনা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
ফেসবুকে মিথ্যা প্রচারণার দায়ে একজন গ্রেফতার
কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, ফেসবুকে ভুয়া আইডি খুলে প্রধানমন্ত্রী, করোনা ভাইরাস ও বিভিন্ন বাহিনী সম্পর্কে মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করার অভিযোগে মঙ্গলবার রাতে মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. রিপন মিয়াকে (৩৫) নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে। তার কাছ থেকে একটি মোবাইল সেট উদ্ধার করা হয়। র্যাব কিশোরগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার চন্দন দেবনাথ জানান, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের ইলেক্ট্রনিক্স ডিভাইস ব্যবহার করে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভ্রান্তিমূলক বিভিন্ন ছবি ও পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারসহ উসকানিমূলক গুজব ছড়ানোর চেষ্টা করছিলেন। এছাড়া তিনি প্রধানমন্ত্রী সম্পর্কে ফেসবুকে নানা ধরনের কটূক্তিমূলক তথ্য প্রচার এবং বিভিন্ন বাহিনী সম্পর্কে মিথ্যা তথ্য প্রকাশের মাধ্যমে ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছিলেন। এ ব্যাপারে মিঠামইন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।