করোনার উপসর্গ মেলেনি
মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা
মোরেলগঞ্জ বুধবার সকালে দুই ঘণ্টার ব্যবধানে এক দম্পতি মারা যাওয়ায় এলাকায় করোনা আতঙ্ক বিরাজ করছে।
জানা গেছে, পৌর সদরে সেরেস্তাদারবাড়ী ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ভৌমিক বস্ত্র বিতানের মালিক গীতা ভৌমিক (৭৫) বুধবার সকাল ৭টায় এবং এর দুই ঘণ্টা পর তার স্ত্রী শিপ্রা রানী ভৌমিক (৬০) নিজ বাড়িতে মারা যান। বিষয়টি নিশ্চিত হতে এডিশনাল পুলিশ সুপার মোরেলগঞ্জ সার্কেল, থানার অফিসার ইনচার্জ কে এম আজিজুল ইসলাম ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উপজেলা ডা. কামাল হোসেন মুফতি বেলা ১১টায় ঘটনাস্থল পরিদর্শন করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উপজেলা ডা. কামাল হোসেন মুফতি জানান, দুই ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যুতে এলাকায় করোনা আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে করোনার কোনো আলামত পাওয়া যায়নি। পরিবারের অন্যান্য সদস্যরা সুস্থ আছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, করোনার কোনো উপসর্গ ঐ পরিবারের কোনো সদস্যের নেই। তারপরও বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে।