বরিশাল মেডিক্যাল কলেজে করোনা ল্যাব চালু, প্রশিক্ষণ ও নমুনা পরীক্ষা শুরু

বরিশাল অফিস

বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজে করোনা পরীক্ষার আরটি-পিসিআর ল্যাব চালু হয়েছে। প্রশিক্ষণের পাশাপাশি বুধবার প্রথম দিন পরীক্ষামূলকভাবে এক জন সন্দেহভাজন করোনা রোগীর নমুনা পরীক্ষার মাধ্যমে করোনা ল্যাবের কার্যক্রম শুরুর কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বুধবার বেলা ১১টার দিকে শের-ই বাংলা মেডিক্যাল কলেজের দ্বিতীয় তলায় মাইক্রোবায়োলজি বিভাগে দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে আরটি-পিসিআর ল্যাবের কার্যক্রম শুরু হয়। বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম দোয়া-মোনাজাতে অংশগ্রহণ করেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, এই ল্যাবে অদক্ষ টেকনোলজিস্টদের প্রশিক্ষণ ও করোনা ভাইরাস নমুনা পরীক্ষা কার্যক্রম একই সঙ্গে শুরু হয়েছে। এখন পরীক্ষায় কিছুটা ধীর গতি থাকলেও টেকনোলজিস্টরা দক্ষ হয়ে উঠলে প্রতিদিন ৯৪ জন রোগীর নমুনা পরীক্ষা করা যাবে। বর্তমানে ঢাকা থেকে আসা বিশেষজ্ঞ মেডিক্যাল টেকনোলজিস্টগণ শের-ই বাংলা মেডিক্যালের টেকনোলজিস্টদের করোনা বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে। দোয়া-মোনাজাতে আরো অংশগ্রহণ করেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. বাসুদেব কুমার, সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন, মহানগর আওয়ামী লীগ নেতা মাহমুদুল হক খান মামুন প্রমুখ। বরিশালে করোনা ল্যাব চালু হওয়ায় প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান পানিসম্পদ প্রতিমন্ত্রী। তবে এই ল্যাবে যাতে দীর্ঘমেয়াদে করোনা পরীক্ষা করার প্রয়োজন না হয় সবার কাছে সেই দোয়া কামনা করেন তিনি। শের-ই বাংলা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. অসীত ভূষণ দাস জানান, বরিশালের করোনা ল্যাবে তিন চিকিত্সক এবং পাঁচ মেডিক্যাল টেকনোলজিস্ট রয়েছেন।

উল্লেখ্য, গত ৩০ মার্চ স্বাস্থ্যমন্ত্রণালয় থেকে ওভারেজ মার্কেটিং করপোরেশনের একটি পিসিআর মেশিন সরবরাহ করা হয়। সেই থেকে কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে মেশিনটি স্থাপনের কার্যক্রম শুরু করা হয়েছে। মঙ্গলবার মেশিনটির জন্য একটি ল্যাব স্থাপনের কার্যক্রম শেষ হয়।