সিংগাইরে করোনায় আক্রান্ত তাবলিগ জামাতের তিন মুসল্লিকে ঢাকায় প্রেরণ

সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা

ফরিদপুর থেকে সিংগাইরের একটি মাদ্রাসায় আসা তাবলিগ জামাতের তিন মুসল্লিকে অবশেষে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন থেকে ঢাকার কুয়েত-মৈত্রী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মানিকগঞ্জ জেলা সিভিল সার্জন ডা.আনোয়ারুল আমিন আখন্দ ও সিংগাইর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সেকেন্দার আলী মোল্লা জানান, ঐ তিন ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হওয়ার পর তাদের মানিকগঞ্জ থেকে মঙ্গলবার সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়। এখানে চিকিত্সা ব্যবস্থা না থাকায় এবং স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য রোগী ও আশপাশের লোকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তার প্রেক্ষিতে করোনা ভাইরাসে আক্রান্ত ঐ তিন রোগীকে গতকাল বুধবার দুপুর ১২টার দিকে ঢাকার কুয়েত-মৈত্রী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এছাড়াও জেলা থেকে পাঠানো ১৩ জনের ফলাফল নেগেটিভ এসেছে বলেও সিভিল সার্জন জানিয়েছেন।