কলকাতায় আটকে পড়া আরো ৫১ বাংলাদেশি বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন

  

লকডাউনে ভারতের কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্নস্থানে আটকে পড়া আরো ৫১ জন বাংলাদেশি বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন। বিশেষ ব্যবস্থাপনায় বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ছোটো ছোটো দলে ভাগ হয়ে তারা দেশে এসেছেন। বেনাপোল চেকপোস্টে প্রতিটি যাত্রীকে সতর্কতার সঙ্গে স্বাস্থ্য পরীক্ষার পর ১৪ দিন তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখার জন্য বেনাপোল পৌরসভার কমিউনিটি সেন্টারে নেওয়া হয়। 

বেনাপোল চেকপোস্ট দিয়ে গত ৫ দিনে ২৮৪ জন বাংলাদেশি দেশে ফিরে এসেছে। আরো বহু বাংলাদেশি ফেরার অপেক্ষায় রয়েছে। ভারত থেকে ফেরত আসা যাত্রীদের মধ্যে এ পর্যন্ত  ৮ জনের শরীরে উচ্চতাপমাত্রা পাওয়া যায়। স্বাস্থ্য বিভাগ তাদেরকে হাসপাতালে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রাখার ব্যবস্থা করেছে। তবে গত ৩ দিনে বেনাপোল কমিউনিটি সেন্টারে মোট ১৪৪ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

ইমিগ্রেশনে কর্তব্যরত স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাবিবুর রহমান জানান, বুধবার দুপুরে ফেরত আসা ৫১ যাত্রীকে স্বাস্থ্য পরীক্ষা করে বেনাপোলে পৌর কমিউনিটি সেন্টারে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হয়েছে। হোম কোয়ারেন্টাইন শেষে তারা তাদের বাড়ি ফিরে যেতে পারবেন।