মতিঝিলে অগ্রণী ব্যাংক প্রিন্সিপাল শাখা লকডাউন

এক ব্যাংক কর্মকতা করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় রাজধানীর মতিঝিলে অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল শাখা লকডাউন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শামস উল ইসলাম। তিনি জানান, ব্যাংকের প্রিন্সিপাল শাখার এক কর্মকর্তার জ্বর ছিল। পরে টেস্ট করার পর রেজাল্ট কোভিড-১৯ পজেটিভ পাওয়া গেছে। তাই শাখাটি লকডাউন করে দিয়েছি।

জানা গেছে, আক্রান্ত ঐ কর্মকর্তা অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার। তিনি ব্যাংকের বৈদেশিক লেনদেন বিভাগে কাজ করতেন। তার সঙ্গে এই সময় ব্যাংকে ছিলেন ৬২ জন, তাদের সবাইকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। আগামী ১৪ দিন ব্যাংকের এ শাখা লকডাউন থাকবে। আর প্রিন্সিপাল শাখার কার্যক্রম মতিঝিল আমিনকোর্ট শাখায় স্থানান্তর করা হয়েছে। আক্রান্ত ঐ কর্মকর্তা রাজধানীর বনশ্রী এলাকায় থাকেন। তার পিতা একটি বেসরকারি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি)। ঐ ডিএমডিও করোনায় আক্রান্ত বলে ব্যাংকাররা জানিয়েছেন। এছাড়া মার্কেন্টাইল ব্যাংক দারুসসালাম রোড শাখার ব্যবস্থাপকসহ আরো কয়েকজন ব্যাংকার করোনায় আক্রান্ত বলে জানা গেছে।

শেরেবাংলা নগরে বস্তি লকডাউন ঃ এদিকে শেরেবাংলা নগর এলাকায়        মোতাহার বস্তি লকডাউন করা হয়েছে। এ নিয়ে গতকাল পর্যন্ত রাজধানীতে ৫৪ এলাকা লকডাউন করা হলো। শেরেবাংলা নগর থানার ওসি জানে আলম মুন্সী বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এর নির্দেশে গতকাল বিকালে বস্তিটি লকডাউন করা হয়েছে। বস্তিতে একজন রোগীর করোনা ভাইরাস পজিটিভ পাওয়া গেছে। সেখান থেকে যাতে করোনা ভাইরাসের সংক্রমণ আশপাশে ছড়িয়ে না পড়ে সতর্কতা হিসেবে আইইডিসিআরের নির্দেশে বস্তিটি লকডাউন করা হয়েছে।