‘চীনঘেষা’ বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুদান বন্ধের হুমকি ট্রাম্পের

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওপর ক্ষেপেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সংস্থাটিকে ‘চীনঘেঁষা’ উল্লেখ করে অনুদান বন্ধেরও হুমকি দিয়েছেন। তবে সংস্থাটি প্রেসিডেন্ট ট্রাম্পের অভিযোগ অস্বীকার করেছে। খবর বিবিসি ও ডনের

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমরা ডাব্লিউএইচও’র পেছনে অর্থ ব্যয় স্থগিত করতে যাচ্ছি। তবে ঠিক কী পরিমাণে অর্থ দেওয়া বন্ধ করতে যাচ্ছেন সেই সম্পর্কে তিনি স্পষ্ট করে কিছু বলেননি। কিন্তু মার্কিন তহবিল যাতে বন্ধ করে দেওয়া হয় সেই বিষয়ে নজর রাখার কথা জানিয়েছে ট্রাম্প। ট্রাম্পের অভিযোগ, হু চীনের প্রতি খুব পক্ষপাতদুষ্ট বলে মনে হচ্ছে, কিন্তু এটা ঠিক নয়। চীন থেকে করোনা ভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পরার জন্য ডাব্লিউএইচওকে দায়ী        করেন ট্রাম্প। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তহবিল গঠনে সবচেয়ে বেশি অর্থ দেয় যুক্তরাষ্ট্র। ২০১৯ সালে দেশটি ৪০০ মিলিয়ন ডলারের বেশি অর্থ দেয় সংস্থাটিকে। ইউরোপে সংস্থাটির আঞ্চলিক পরিচালক ডা. হ্যানস ক্লাগ বলেন, আমরা মহামারী লড়াইয়ে এখন পর্যন্ত সঠিক পদক্ষেপ নিয়েছি। তিনি বলেন, এই মহামারীর সময় তহবিল কাটছাট নয়। সংস্থাটি প্রেসিডেন্ট ট্রাম্পের ‘চীনঘেষা’ অভিযোগও অস্বীকার করেছে।