ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় বাবা-মেয়ে নিহত হয়েছেন। একই ঘটনায় আরো আহত হয়েছেন নিহতের স্ত্রী ও ছেলে। এছাড়া বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আরো চার জনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার এসব দুর্ঘটনা ঘটে। স্টাফ, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—
ভ্রাম্যমাণ: ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন নিহতের স্ত্রী ও ছেলে। গতকাল বুধবার সদর উপজেলার হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সদর উপজেলার রতনহাট গ্রামের বাসিন্দা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা সেলিম রেজা (৪০) ও তার মেয়ে সুমাইয়া আক্তার (১১)। সেলিম রেজা মোটরসাইকেলে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে মাগুরা থেকে গ্রামে ফিরছিলেন। এ সময় ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া): নাসিরনগরে হালচাষের ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে উলটে খালে পড়ে চালক নুরুল আমিন (৪০) নিহত হয়েছেন। গতকাল চিতনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সে চিতনা গ্রামের ধনু মিয়ার ছেলে।
জয়পুরহাট: জয়পুরহাটে বালুভর্তি মেসি ট্রাকের ধাক্কায় হাবিবুর রহমান (৫০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল সদর উপজেলার ভাদসা ইউনিয়নের দুর্গাদহ বাজারের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
স্টাফ রিপোর্টার, রাজশাহী: মহানগরীর তালাইমারীতে বাচ্চু (৪০) নামে এক জন রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় নিহত হন। তিনি শহিদ মিনার এলাকার বাসিন্দা। অন্য দিকে নগরীর উপকণ্ঠ চৌদ্দপাই এলাকায় ভ্যান-অটোরিকশা-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে চার জন আহত হয়েছেন।
সিরাজগঞ্জ: বগুড়া-নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুর উপজেলার গাড়াদহ বাজারে গতকাল ট্রাক উলটে আব্দুল ওহাব (৪৫) নামে এক জন নিহত ও পাঁচ জন আহত হয়েছেন। ওহাব পার্শ্ববর্তী নরিনা ইউনিয়নের নারায়ণদহ গ্রামের বাসিন্দা। আহতদের মধ্যে রাকিব হোসেনের অবস্থা আশঙ্কাজনক।