নতুন করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিত্সায় ঢাকায় শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের জন্য চীনা কারিগরি বিশেষজ্ঞ দল আনতে চাইছে সরকার। এই হাসপাতালটি করোনায় আক্রান্তদের চিকিত্সায় কাজ করছে। গত মঙ্গলবার সন্ধ্যায় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে প্রায় ৪৫ মিনিটের টেলিফোন আলাপে এমন প্রস্তাব দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপকালে করোনা আক্রান্তদের চিকিত্সার জন্য বাংলাদেশি চিকিত্সাকর্মীদের প্রশিক্ষণ দিতে চিকিত্সক, নার্স ও প্রযুক্তিবিদ সমন্বিত চীনা বিশেষজ্ঞ দল আনার সম্ভাবনা নিয়ে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন। একই সঙ্গে বাংলাদেশে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের এই জটিল পরিস্থিতিতে চীন থেকে ভেন্টিলেটর আমদানির বিষয়েও আলোচনা করেন তারা। পররাষ্ট্রমন্ত্রী মোমেন চীনের মন্ত্রীকে ঋণপত্র বা লেটার অব ক্রেডিটের (এলসি) সময়সীমা এক বছর করার জন্য অনুরোধ জানান। এ সময় চীনা পররাষ্ট্রমন্ত্রী ইতিবাচক সাড়া দিয়ে বাংলাদেশের প্রতি পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছেন। ওয়াং ই বলেছেন, চীন বাংলাদেশকে সব রকম সহায়তা দেবে। ইতিমধ্যে বাংলাদেশে করোনা ভাইরাস শনাক্তকরণ কিট ও পিপিই সহায়তা হিসেবে দিয়েছে চীন।