পরিবহন সেক্টরের জন্য বিশেষ প্রণোদনার দাবি

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মসিউর রহমান রাঙ্গা ও মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ গতকাল এক যৌথ বিবৃতিতে বলেছেন, পরিবহন সেক্টর বন্ধ থাকলে দৈনিক ক্ষতির পরিমাণ প্রায় ৫০০ কোটি টাকা। এই বিশাল ক্ষতির কথা বিবেচনা করে এই সেক্টরের মালিক-শ্রমিকদের জন্য বিশেষ প্রণোদনা ঘোষণা করতে সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন তারা।

নেতৃবৃন্দ আরো বলেন, গণপরিবহন বন্ধ থাকায় পরিবহন শ্রমিকরা কর্মহীন অবস্থায় রয়েছেন। আয় রোজগার বন্ধ থাকায় তারা পরিবারপরিজন নিয়ে মানবেতন জীবনযাপন করছেন। কর্মহীন শ্রমিকদের বাঁচানোর জন্য পরিবহন সেক্টরের মালিকগণকে স্ব স্ব শ্রমিকদের সাহায্য করার জন্যও তারা অনুরোধ জানান। 

পণ্য পরিবহন সচল রাখার আহ্বান

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে পণ্য পরিবহনের গাড়ি চালানোর জন্য চালক ও মালিকদের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতি। গতকাল বুধবার সমিতির কার্যকরী সভাপতি এস এম বখতিয়ার ও সাধারণ সম্পাদক মো. রুস্তম আলী খান এক যুক্ত বিবৃতিতে বলেন, দেশের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র সাধারণ মানুষের হাতের নাগালে রাখতে দেশের সব পণ্য পরিবহন মালিক ও শ্রমিকদের নিজেদের সুরক্ষা মেনে সতর্কতার সঙ্গে গাড়ি চালাতে হবে।