গাজীপুর সিটি করপোরেশন একটি শ্রমিক অধ্যুষিত এলাকা। এই এলাকায় শ্রমিকরা কারখানা বন্ধের ঘোষণায় বাড়ি ফিরে গিয়েছিলেন। পরে আবার অনেকে ফিরে এসেছেন। তাই লাখ লাখ মানুষের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে গাজীপুর সিটি করপোরেশন এবং ঘনবসতিপূর্ণ এলাকা লকডাউন করার দাবি জানিয়েছেন গাজীপুর সিটি মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম। গতকাল বুধবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের অঞ্চল-৩ গাছা এলাকায় আঞ্চলিক কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
মেয়র বলেন, এ সময়ে যারা অসহায় দুস্থ গরিব তাদের বাসায় স্থানীয় কাউন্সিলররা খাদ্য পৌঁছে দেবেন। ত্রাণ বিতরণে কিছুটা সময় লাগছে কিন্তু পর্যায়ক্রমে আমাদের তালিকাভুক্ত সবার বাসায় খাবার পৌঁছে যাবে।
অপরদিকে, সামাজিক দূরত্ব নিশ্চিতের লক্ষ্যে মহাসড়কে একাধিক চেকপোস্ট বসিয়ে কাজ করছেন পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা। জেলা প্রশাসনের একাধিক ভ্রাম্যমাণ আদালতের টিম বাজার ও জনসমাগম এলাকায় অভিযান পরিচালনা করছে। দুপুর ১২টার পর সব ধরনের দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলাপ্রশাসন।