আগামী নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলে মনোনয়নের লড়াই থেকে সরে দাঁড়ালেন বার্নি স্যান্ডার্স। এর ফলে দল থেকে জো বাইডেনের প্রার্থী হওয়ার পথ পরিষ্কার হয়ে গেল। গতকাল বুধবার স্যান্ডার্স তার প্রচারণার সমাপ্তি টানেন। এর ফলে রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বাইডেনই প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে ধারণা করা হচ্ছে। খবর সিএনএনের
গতকাল স্যান্ডার্স তার কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর কথা জানান বলে তার প্রচারণা বিভাগ জানিয়েছে। স্যান্ডার্স লাইভস্ট্রিমে বলেন, ‘আমি মনে করছি, আমি সবাইকে একটা সুখবর দিচ্ছি। কিন্তু আমি জানি সবাই সত্যটা জানে যে আমরা সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়ে ৩০০ ডেলিগেটসে পিছিয়ে আছি। ফলে তার বিরুদ্ধে জয় পাওয়াটা বাস্তবে অসম্ভব। স্যান্ডার্স আরো বলেন, আমরা আদর্শিক যুদ্ধে জয় পেয়েছি, সারা দেশে শ্রমজীবী ও তরুণদের সমর্থন পেয়েছি। আমি ডেমোক্র্যাট দল থেকে মনোনয়ন পাওয়ার লড়াইটা শেষ করছি। প্রচারণাও চালাবো না’। এর ফলে জো বাইডেনের বিরুদ্ধে লড়াই করার আর কেউ থাকলো না। এর আগে অন্য সবাইও প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ায়।