মিশেল ওবামা হিলারি ক্লিনটনের জনপ্রিয়তাকে অতিক্রম করেছেন।
সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা আমেরিকার ‘সবচেয়ে শ্রদ্ধাভাজন নারী’ হিসেবে নির্বাচিত হয়েছেন। গ্যালপ পোলের এক মতামত জরিপে এই ফলাফল জানা যাচ্ছে। তার এই নির্বাচনের মধ্য দিয়ে তালিকার শীর্ষে থাকা হিলারি ক্লিনটনের শ্রেষ্ঠত্বের অবসান ঘটলো।
মিসেস ক্লিনটন,সাবেক প্রেসিডেন্ট পদপ্রার্থী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং সাবেক ফার্স্ট লেডি ১৭ বছর ধরে সবচেয়ে শ্রদ্ধাভাজন নারীর আসনটিতে ছিলেন। কিন্তু এবার তার অবস্থান তালিকায় তৃতীয়। দ্বিতীয় স্থানটি দখল করেছে জনপ্রিয় টক-শো হোস্ট অপরাহ্ ইউনফ্রে।
এই মতামত জরিপে পুরুষদের মধ্যে সবচেয়ে শ্রদ্ধাভাজন হিসেবে উত্তরদাতারা বেছে নিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে। তিনি গত ১১ বছর ধরেই এই সম্মানটি পেয়ে আসছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছেন।
গ্যালপ পোল ১৯৪৬ সাল থেকে প্রতিবছর এই মতামত জরিপটি পরিচালনা করে আসছে। তবে শুধু ১৯৭৬ সালে কোনো জরিপ হয়নি। এই জরিপে ১০২৫ প্রাপ্তবয়স্ক উত্তরদাতাকে বিশ্বের যে কোনো জায়গা থেকে তাদের সবচেয়ে শ্রদ্ধাভাজন মানুষটিকে বেছে নিতে বলা হয়েছিল।