বঙ্গবন্ধু সম্পর্কে মানহানিকর স্ট্যাটাস, ইবির আরেক ছাত্র সাময়িক বহিষ্কার

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানহানিকর স্ট্যাটাস দেয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে বহিষ্কারের পর এবার আরেক ছাত্রকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

 

তার নাম আশিকুল ইসলাম পাটোয়ারী।  তিনি চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলার টোরাগর প্রফেসরপাড়ার নূরুল ইসলাম পাটোয়ারীর ছেলে। 

 

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আবদুল লতিফ সাময়িক বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই ছাত্রের বিরুদ্ধে শাস্তিমুলক এ ব্যবস্থা গ্রহন করে।

 

খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৬-১৭ শিক্ষাবর্ষের আরবি ও সাহিত্য বিভাগের ছাত্র আশিকুল ইসলাম পাটোয়ারী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে মনগড়া অবমাননাকর এবং মানহানিকর মন্তব্য করেন। ফলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বৈঠকে ওই ছাত্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে তাকে সাময়িক বহিষ্কার করা হয়। এ ছাড়া কেন তাকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হবে না তা জানতে বিশ্ববিদ্যালয় খোলার পর ৭ কার্য দিবসের মধ্যে তাকে শোকজ নোটিশের জবাব দিতে বলা হয়।

আরো পড়ুন : বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করায় ইবির ছাত্রী বহিষ্কার

বিশ্ববিদ্যায়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ জানান, শোকজ নোটিশের জবাব পাওয়ার পর পরবর্তীতে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।      

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ফেসবুকে’ সাজ্জাদ হোসেন নামের ব্যক্তির স্ট্যাটাসের সূত্র ধরে বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স বাংলা বিভাগের ছাত্রী তানজিদা সুলতানা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে মনগড়া অবমাননাকর এবং মর্যাদাহানিকর মন্তব্য করেন

ইত্তেফাক/ইউবি