মুন্সীগঞ্জে আন্তঃ ইউনিয়ন যোগাযোগ ব্যবস্থা বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছে। জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির এক সভায় এ সিদ্ধান্ত মোতাবেক জেলা ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান তালুকদার এই গণবিজ্ঞপ্তিতে জারি করেছেন।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা ভাইরাস জনিত কোভিড-১৯ রোগের বিস্তৃতি ও সংক্রমণ মোকাবেলায় জেলায় জনসাধারণের প্রস্থান ও প্রবেশ নিয়ন্ত্রণে জেলার এক ইউনিয়ন হতে অন্য ইউনিয়নে যে কোন প্রবেশ পথ দিয়ে যানবাহন প্রবেশ ও প্রস্থানে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বার ও গ্রাম পুলিশের মাধ্যমে এসকল যানবাহন নিয়ন্ত্রণের জন্য বলা হয়েছে। এছাড়া সাপ্তাহিক সকল হাট, পশুর হাট, আবাসিক হোটেল, শপিং মল, রেস্টুরেন্ট, বিনোদন কেন্দ্র, পার্ক, মেলা , সামাজিক অনুষ্ঠান, ধর্মীয় সমাবেশ, সিনেমা হল ও গণজমায়েত যথারীতি বন্ধ থাকার কথা বলা হয়েছে।
তবে এসময় জরুরি পরিসেবা চিকিৎসা, ওষুধ, খাদ্য সরবরাহ, নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, কৃষিপণ্য সামগ্রী সংশ্লিষ্ট যানবাহন ও কর্মী এ গণবিজ্ঞপ্তির বহিভূত থাকবে।
এ আদেশ ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়েছে গণবিজ্ঞপ্তিতে
উল্লেখ্য এ গণবিজ্ঞপ্তিতে প্রকাশের আগে থেকেই মুন্সীগঞ্জের সবকটি উপজেলায় বিভিন্ন পাড়া মহল্লায় নিজেদের উদ্যোগে রাস্তার প্রবেশ পথে স্থানীয় জনতা বাঁশ দিয়ে বেড়া দিয়ে প্রবেশ পথ বন্ধ করা হয়েছে। পরবর্তীতে উপজেলা চেয়ারম্যান এবং ইউএনওদের তদারকিতে স্থানীয় ইউপি চেয়ারম্যানগণ ইউনিয়ন পর্যায়ের রাস্তাগুলোতেও স্থায়ী চেকপোস্ট স্থাপন করেন। জরুরি যানগুলোর জন্য বাঁশ উঠিয়ে দেয়া হয়। এছাড়া সার্বক্ষণিক বাঁশ দিয়ে রাস্তা বন্ধ থাকছে।
ইত্তেফাক/এমআরএম