করোনা ভাইরাস (কোভিড-১৯) টেষ্টের জন্য ফরিদপুরে ল্যাব স্থাপনের কাজ প্রায় শেষের পথে। ইতিমধ্যে মেশিনসহ অন্যান্য যন্ত্রপাতি এসে পৌছেছে ফরিদপুর মেডিকলে কলেজ হাসপাতালে।
জানা যায়, একাডেমিক ভবনের চতুর্থ তলায় এ ল্যাব স্থাপনের কাজ চলছে। আগামী সপ্তাহ থেকেই এখানে শুরু হতে পারে কোভিড ১৯ টেস্ট।
শুক্রবার (১০ এপ্রিল) সকালে ল্যাবের মেশিন ও আনুসঙ্গিক যন্ত্রপাতি এসে পৌছেছে। আগে ভাগেই ল্যাবের কাজ শুরু করায় আগামী অল্প দিনের মধ্যে টেষ্টের কাজ শুরু করা সম্ভব হবে।
এই ল্যাব স্থাপন করা হয়ে গেলে উপকৃত হবেন বৃহত্তর ফরিদপুরের ৫ জেলাসহ আশপাশের অন্যান্য জেলার মানুষেরা।
ফরিদপুর মেডিকেল কলেজ এর অধ্যক্ষ ডা. খবিরুল ইসলাম জানান, স্থানীয় সংসদ সদস্যের চেষ্টায় স্বাস্থ্য মন্ত্রনালয় ফরিদপুর অঞ্চলের জন্য এ ল্যাবটি স্থাপনের অনুমতি দেয়ার পর পরই ল্যাব স্থাপনের কাজ শুরু হয়।
আরও পড়ুনঃ মতলব উত্তরে এক যুবকের শরীরে করোনা শনাক্ত
এদিকে দেশে করোনা ভাইরাস এর রুগী সনাক্ত হওয়ার পর থেকেই বৃহত্তর ফরিদপুরবাসী ফরিদপুরে একটি ল্যাব স্থাপনের দাবী জানিয়ে আসছিল। সেই দাবী বাস্তবায়ন হওয়ায় খুশী এই জেলাসহ আশেপাশের ৫টি জেলার বাসিন্দারা।
গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে ৬ জন মারা গেছেন। এদের মধ্যে তিনজন ঢাকার, দুজন নারায়ণগঞ্জের ও একজন পটুয়াখালীর বাসিন্দা। মারা যাওয়াদের মধ্যে পাঁচজন পুরুষ এবং একজন নারী।
ইত্তেফাক/এমএএম