শিবালয়ে যমুনার ভাঙ্গনে ৩ গ্রামে নতুন আতঙ্ক

নদী ভাঙ্গন আতঙ্কে যমুনা তীরবর্তী শিবালয় উপজেলার আরিচা, দক্ষিণ শিবালয় ও ছোট আনুলিয়ার শতাধিক পরিবারে নানা দুশ্চিন্তায় দিন কাটছে। ভাঙ্গনরোধে কার্যকর কোন ব্যবস্থা এখনও নেওয়া হয়নি। তবে, সরকারি কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা এ ব্যাপারে ব্যবস্থা নেবেন বলে ইত্তেফাককে জানিয়েছেন।

সরেজমিনে, জোয়ারের ফলে পদ্মা, যমুনায় স্রোতের তীব্রতা বেড়ে যাওয়ায় শিবালয় উপজেলার যমুনা তীরবর্তী আরিচা, দক্ষিণ শিবালয় ও ছোট আনুলিয়া গ্রামের পশ্চিমাংশে ভাঙ্গন দেখা দিয়েছে। এছাড়া প্রায় দেড় মাস আগে আরিচা ঘাটের একাংশে এমন ভাঙ্গনে বহু দোকানপাট যমুনায় বিলীনের উপক্রম হয়। এ ভাঙ্গনরোধে পানি উন্নয়ন বোর্ড ড্রেজিংয়ের মাধ্যমে পলি ভরাটের ব্যবস্থা নিলেও অবকাঠামোগত  ত্রুটির কারণে তা কাজে আসছে না বলে অভিযোগ রয়েছে।

আনুলিয়া গ্রামের বাসিন্দা আক্তার হোসেন জানান, যমুনার ভাঙ্গনে গত কয়েকদিনে আরিচা কাশাদহ পানি সেচ প্রকল্প এলাকা থেকে দক্ষিণ দিকে অন্তত চারশ মিটার জায়গা নতুন করে বিলীন হয়েছে। ভাঙ্গনরোধে কোনো ব্যবস্থা না নেওয়ায় কাশাদহ সেচ প্রকল্পের পাকা স্থাপনা নদী গর্ভে বিলীনের উপক্রম হয়েছে। সরকারি সহয়তা পেলে স্থানীয় লোকজন স্ব-উদ্যোগে ভাঙ্গনরোধে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। 

আরও পড়ুন: ৯ বছরের শিশু ধর্ষণের শিকার, ধর্ষক আটক

শিবালয় মডেল ইউপি মেম্বার আব্দুস সালাম জানান, ভাঙ্গনের খবর পেয়ে ঘটনাস্থল দেখা হয়েছে। স্থানীয় জনগণকে সাথে নিয়ে ভাঙ্গনরোধে ব্যবস্থা নেওয়া হবে। 

ইউপি চেয়ারম্যন হাজী আলাল উদ্দিন আলাল জানান, ভাঙ্গনরোধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

উপজেলা নির্বাহী অফিসার এএফএম ফিরোজ মাহমুদ ইত্তেফাককে জানান, ভাঙ্গন রোধে ব্যবস্থা গ্রহণের জন্য পনি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের নিকট জরুরি বার্তা প্রেরণ করা হবে। 

ইত্তেফাক/এসি