সাকিবের ফাউন্ডেশনের আরো অনুদান

যুক্তরাষ্ট্রে সন্তানসম্ভবা স্ত্রীর পাশে রয়েছে সাকিব আল হাসান। বাঁ-হাতি এই অলরাউন্ডার দেশে না থাকলেও তার গঠন করা ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন’ কাজ করে যাচ্ছে করোনা ভাইরাস মোকাবিলায়। মানুষের সাহায্যে হাত বাড়াচ্ছে সংগঠনটি।

নতুন করে আরো ২০ লাখ টাকার তহবিল গঠন করেছে সাকিবের ফাউন্ডেশন। সম্প্রতি এক ভিডিও বার্তায় এই তহবিল গঠনের ঘোষণা দিয়েছেন সাকিব। তিনি বলেছেন, ‘আশা করি সবাই সুস্থ এবং নিরাপদে ভালো আছেন। আমি অনেক আনন্দ ও গর্বের সঙ্গে জানাচ্ছি যে সাকিব আল হাসান ফাউন্ডেশন এবং মিশন সেভ বাংলাদেশ ২০ লাখ টাকার আরো একটি ফান্ড গঠন করেছে। প্রাপ্ত এই অর্থ দিয়ে গরিব এবং দুস্থ মানুষদের খাবারের ব্যবস্থা করা হবে। আমি আশা করব আপনারাও যার যার জায়গা থেকে সুবিধাবঞ্চিত মানুষের পাশে এসে দাঁড়াবেন।’

এর আগে কনফিডেন্স গ্রুপের সহযোগিতায় ২০ লাখ টাকার তহবিল গঠন করেছিল সাকিবের ফাউন্ডেশন। মিশন সেভ বাংলাদেশের সঙ্গে যুক্ত হয়েছে ২ হাজার দুস্থ পরিবারকে খাদ্য সহয়তা দিয়েছে সংস্থাটি।