জেলা হাসপাতালসহ পাঁচ স্বাস্থ্য কমপ্লেক্সে নেই ভেন্টিলেটর !

আধুনিক জেলা হাসপাতালসহ পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিত্সার জন্য ভেন্টিলেটর সুবিধা না থাকায় করোনা ভাইরাস শনাক্ত হওয়া রোগীদের পাঠানো হবে বগুড়ায় । তাছাড়া হাসপাতালগুলোতে ভেন্টিলেটর মেশিন স্থাপনের জন্য যে ইনটেনসিভ কেয়ার ইউনিটের (আইসিইউ) প্রয়োজন হয় সেটিও নেই। খোঁজ নিয়ে জানা গেছে, ১৫০ শয্যার আধুনিক জেলা হাসপাতালে কোনো ইনটেনসিভ কেয়ার ইউনিট নেই। এই আধুনিক জেলা হাসপাতালে সংকটাপন্ন কোনো রোগী আসলে তাদেরকে সাধারণ ওয়ার্ডে রেখে শুধু অক্সিজেন দেওয়া হয়। জয়পুরহাট জেলা সিভিল সার্জন ডা. মো. সেলিম মিঞা বলেন, জয়পুরহাটে করোনা রোগী চিকিত্সায় আইসোলেশন ওয়ার্ড ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টার প্রস্তুত করা হলেও সেখানে কোনো ভেন্টিলেটর ও আইসিইউ এর ব্যবস্থা নেই। তবে ভেন্টিলেটর ও আইসিইউ সাপোর্টের অভাবে জেলায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঘটলে রোগীকে উন্নত চিকিত্সার জন্য বগুড়ায় পাঠানো হবে।