ডাকাতি ঠেকাতে ফার্মেসিতে নিরাপত্তা জোরদার

করোনা ভাইরাসের কারণে কার্যত লকডাউন ঢাকা। এমন অবস্থার মধ্যেই দুটি পৃথক ফার্মেসিতে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। করোনায় লকডাউনের আওতার বাইরে খোলা থাকা রাজধানীর দুটি পৃথক স্থানের ফার্মেসিতে ডাকাতির পর পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দুই ঘটনাতেই পৃথক মামলা হয়েছে। করোনার দুর্যোগ মুহূর্তে যেন এ ধরনের অপরাধকর্ম আর না ঘটে সেজন্য পুলিশি টহল বাড়ানোর পাশাপাশি দোকানের ভেতরে আগন্তুক কিংবা ক্রেতাকে ঢুকতে না দিয়ে শাটারের বাইরে লোহার গ্রিলের ভেতর থেকেই লেনদেনের পরামর্শ দিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা। তিনি বলেন, করোনা সংক্রমণের উদ্ভূত পরিস্থিতিতে অপরাধের প্রকৃতিগত কিছু পরিবর্তন এসেছে। আমরা ইতোমধ্যে খেয়াল করেছি যে, ওষুধের দোকানসহ কিছু ব্যবসাপ্রতিষ্ঠান যেগুলো সন্ধ্যার পরও খোলা রাখার অনুমতি রয়েছে এমন ব্যবসাপ্রতিষ্ঠানে ছিনতাইয়ের ঘটনার ঘটেছে, পুলিশ এ-সংক্রান্ত অভিযোগ পেয়েছে। তিনি বলেন, এ বিষয়ে পুলিশ সজাগ রয়েছে। ইতোমধ্যে ওষুধের দোকান বা ফার্মেসিকেন্দ্রিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। ওষুধের দোকানকেন্দ্রিক পুলিশের মোবাইল টিম, প্যাট্রল টিমের টহল বাড়ানো হয়েছে। এর বাইরে শহরকেন্দ্রিক ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে, সেগুলো পুলিশ মনিটরিং ও সিসি ফুটেজের সহায়তায় ছিনতাইয়ের  ঘটনাগুলো খতিয়ে দেখা হচ্ছে।

গত ১ এপ্রিল রাত সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে মোহাম্মদপুরের কলেজগেট এলাকার বিল্লাহ ফার্মায় ডাকাতি করে দুর্বৃত্তরা। ভুক্তভোগীরা জানান, হঠাত্ একটি ট্রাক ব্যাক গিয়ার দিয়ে ফার্মার সামনে এসে দাঁড়ায়। সেখান থেকে মাথায় গামছা বাঁধা ও মুখে মাস্ক পরা দুই জন চাপাতি ও এক জন রড নিয়ে দোকানে প্রবেশ করে। সেখানে আরমান নামে এক ক্রেতা, ফার্মেসির মালিক নাহিদ বিল্লাহ ও ইউসিবিএল ব্যাংকের এটিএম বুথের সিকিউরিটি গার্ড মো. সোহাগকে মারতে মারতে দোকানের পেছনে নিয়ে যায়। এরপর ডাকাতরা আরমানের পকেটের মানিব্যাগ ও মোবাইল এবং ফার্মেসিতে থাকা ল্যাপটপ ও নগদ টাকা নিয়ে দ্রুত চলে যায়।

৫ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে খিলগাঁও থানাধীন সি ব্লকে লাজ ফার্মার একটি শাখায় অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট চালায় দুর্বৃত্তরা। মাত্র দুই-তিন মিনিটেই তারা ঐ দোকান থেকে ২ লাখ টাকা, মোবাইল ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। দুই ঘটনাতেই সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেছে ক্ষতিগ্রস্ত ফার্মেসির মালিকদ্বয়।