করোনা দুর্যোগে সহায়তার হাত

করোনা দুর্যোগ মোকাবিলায় দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণে সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠন ও সংস্থাসহ ব্যক্তিপর্যায়েও উদ্যোগ নেওয়া হয়েছে।

আড়াইহাজারে ত্রাণসামগ্রী পেল ৬ হাজার হতদরিদ্র

আড়াইহাজার (নারায়ণগঞ্জ)সংবাদদাতা জানান, আড়াইহাজার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার দুই পৌরসভা ও ১০ ইউনিয়নের ৬ হাজার হতদরিদ্র পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। সকালে সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু কৃষ্ণপুরা এলাকায় ত্রাণ বিতরণ করেন। পরে হাইজাদী ইউনিয়নের চেয়ারম্যান আলী হোসেন বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ করেন। দিনব্যাপী প্রতিটি চেয়ারম্যান, মেয়র বাড়ি বাড়ি গিয়ে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন।

আড়াইহাজার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাঈদ মল্লিক জানান, প্রথম ধাপে প্রতিটি ইউনিয়নে ১২৫ জনকে ত্রাণ দেওয়া হয়েছে। দ্বিতীয় ধাপে প্রতি ইউনিয়নে ৫০০ জনকে ত্রাণ দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে প্রতিটি হতদরিদ্রদের ঘরে পৌঁছে দেওয়া হবে।

ঘিওরে পুলিশ প্রশাসন

ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা জানান, ঘিওরে নিজেদের অর্থায়ন, রেশন আর বিত্তবান ব্যক্তিদের সহায়তায় বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে স্থানীয় পুলিশ প্রশাসন। গতকাল দুপুরে সামাজিক দূরত্ব বজায় রেখে ঘিওরের বিভিন্ন স্থানে হিজড়া, কুলি, মজুর, খেটেখাওয়া শ্রমিকসহ শতাধিক দুস্থর মধ্যে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়। খাদ্যসামগ্রী বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা। উপস্থিত ছিলেন থানার ওসি মুহাম্মদ আশরাফুল আলম, ওসি তদন্ত মো. মহব্বত খান, এসআই মো. আব্দুস ছালাম, বোরহানউদ্দিন, মো. আলতাফ হোসেনসহ থানার কর্মকর্তাবৃন্দ। ঘিওর থানার ওসি মুহাম্মদ আশরাফুল আলম জানান, এ উদ্যোগ চলমান থাকবে।

এইচডিএফসি-সিনপাওয়ার লি.

ঢাকায় বিদেশি যৌথ-উদ্যোক্তা কোম্পানি ‘এইচডিএফসি-সিনপাওয়ার লি.’ গতকাল বিভিন্ন প্রতিষ্ঠানকে বেশকিছু  ‘করোনা ভাইরাস পরীক্ষণ ও প্রতিরোধ কিট’ প্রদান করেছে। এর মধ্যে রয়েছে  মাস্ক, হ্যান্ড গ্লাভস,  টেস্ট কিট  এবং পিপিই।  এই দানের বৃহত্ অংশ দেওয়া হয় বিদ্যুত্ উন্নয়ন বোর্ডকে তাদের আওতাধীন সংস্থাগুলোর কর্মীদের মধ্যে বিতরণের উদ্দেশ্যে। এছাড়া স্কাউটসকে তাদের স্বেচ্ছাসেবকদের মধ্যে বিতরণের জন্য ‘করোনা ভাইরাস পরীক্ষণ ও প্রতিরোধ কিট’ দান করেছে। এই কিটের কিছু নমুনা পরীক্ষণের উদ্দেশ্যে উক্ত কোম্পানি স্বাস্থ্য মহাপরিদপ্তরে জমা দিয়েছে।

এইচডিএফসি-সিনপাওয়ার লি. এর পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ মো. শফিকুল ইসলামের কাছ থেকে উক্ত সামগ্রী গ্রহণ করেন বিপিডিবি ও বাংলাদেশ স্কাউটসের কর্মকর্তারা।

রূপগঞ্জে ইউপি চেয়ারম্যান

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীর প্রতীকের নির্দেশে রূপগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসে বিপর্যস্ত কর্মহীন দরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণের পাশাপাশি ডেঙ্গু ও এডিস মশা নিধনে ওষুধ ছিটানো কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. ছালাউদ্দিন ভুঁইয়া তার ব্যক্তিগত তহবিল থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন। রূপগঞ্জ ইউনিয়নের কোনাবাড়ি এলাকায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মশিউর রহমান তারেক, ইউপি সদস্য আওলাদ হোসেন প্রমুখ। পরে ডেঙ্গু ও এডিস মশা নিধনে ওষুধ স্প্রে করে কর্মসূচির উদ্বোধন করা হয়।