আড়াইহাজারে সাধারণ মানুষ মানছে না লকডাউন

লকডাউন মানছে না আড়াইহাজার উপজেলার সাধারণ মানুষ। প্রয়োজন ছাড়াও মানুষ বেরিয়ে পড়ছে রাস্তাঘাটে। লকডাউন কী জিনিস তা বারবার বোঝানোর পরও উপজেলা প্রশাসনের নির্দেশ উপেক্ষিত হচ্ছে। প্রতিদিনই লকডাউন অমান্য করে মানুষ রাস্তায় বের হচ্ছে। বাজারের অবস্থা দেখে মনে হবে লকডাউন নয়, যেন ঈদের আমেজ বিরাজ করছে। দাম বেড়ে যেতে পারে—এই ভয়ে বাজারে ছুটছে সবাই।

গতকাল সরেজমিনে দেখা গেছে, উপজেলা সদর, গোপালদী বাজার, রামচন্দ্রদী বাজার, মানিকপুর, দুপ্তারা, সালমদী, নয়নাবাদ, জাঙ্গালিয়া বাজার, চৈতনকান্দা বাজার, দয়াকান্দা, পুরিন্দা, রাধানগর, ঝাউকান্দি, কড়ইতলা যেন ঈদের হাট। লোকসংখ্যা বেশি থাকে সকালে আর বিকালে। এদিকে, বিভিন্ন পাড়া-মহল্লাগুলোতে নিজেদের উদ্যোগে এলাকাবাসী লকডাউন করে দিয়েছে। কিন্তু তাতেও কমছে না সড়কে মানুষের সংখ্যা। সদরের রাস্তায় যানবাহনের  সংখ্যা কম দেখা গেলেও অপ্রয়োজনে মানুষের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলা অব্যাহত রয়েছে। পাড়া-মহল্লার অলিগলিতে, চায়ের দোকানে বসছে আড্ডার আসর।

উপজেলা স্বাস্থ্য বিভাগ বলছে এখনই সচেতন না হলে আক্রান্তের সঙ্গে সঙ্গে বাড়তে পারে মৃত্যুর সংখ্যা। এখন আর প্রবাসী নয়, স্থানীয় সাধারণ মানুষের যোগাযোগের মাধ্যমে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। উপজেলা নির্বাহী অফিসার মো. সোহাগ হোসেন জানান, প্রতিদিন অভিযান চালাচ্ছি। অভিযান শেষে লোকজন আগের মতো হয়ে যায়। মানুষ মনে করে যত কড়াকড়ি নিয়ম আছে সেসব কেবল শহরের মানুষের জন্য প্রযোজ্য।