বঞ্চনা ও নির্যাতন এই শব্দ দুটিকে পুরোপুরি উপলব্ধি করতে হলে নারীসমাজের দিকে দৃষ্টি দিতে হবে। জন্মের পর থেকেই একটি কন্যাশিশু বঞ্চনা নামক শব্দটির সঙ্গে বন্ধুত্ব করে। শিশুকালে একটি মেয়েশিশু ও ছেলেশিশুর মধ্যে বৈষম্য দেখা যায়। কৈশোর ও যৌবনে ইভটিজিং, চাকরিজীবনে সহকর্মী ও উচ্চপদস্থ পুরুষ কর্মকর্তাদের দ্বারা নির্যাতন, বিয়ের পর স্বামী, দেবর, শ্বশুর দ্বারা নির্যাতনের স্বীকার হয় একজন নারী।
গ্রামাঞ্চলে আজো সনাতন পদ্ধতির চাষাবাদ আছে। যেখানে দুটি বলদ জোয়াল কাঁধে লাঙ্গল টেনে নিয়ে যায় এবং তাতেই জমি চাষ হয়। একমাত্র বলদগুলো বোঝে জোয়াল কাঁধে লাঙ্গল টানা কত কষ্টের। যতদিন বলদগুলোর সামর্থ্য থাকবে ততদিন এই জোয়াল কাঁধে লাঙ্গল টানতে হবে। আমাদের দেশের নারীদের অবস্থা অনেকটা সে রকম। কষ্টের জোয়াল কাঁধে সংসারকে টেনে নেওয়াই তাদের কাজ। এ যেন তাদের নিয়তি।
রামায়ণে আমরা পড়েছি—সন্তান সম্ভবা সীতাকে বনে পাঠানো হয়েছিল। শুধু তাই নয়, বন থেকে ফিরে আসার পর তাকে বিভিন্ন রকম সতীত্বের পরীক্ষা দিতে হয়েছিল। মহাভারতে পড়েছি পঞ্চপাণ্ডব যখন দ্রোপদীকে স্বয়ম্বর জয় করে নিয়ে আসে, তখন পাণ্ডব মাতা কিছু না দেখে প্রতিদিনকার মতো খাবার ভেবে বলেছিলেন পাঁচজনকে—ভাগ করে নিয়ে নাও। তাই পাঁচ ভাই দ্রোপদীকে মাতৃ আজ্ঞা রক্ষার জন্য বিয়ে করেন। এতে দ্রোপদীর ইচ্ছা-অনিচ্ছার কোনো গুরুত্ব ছিল না। বর্তমানকালে আদর্শ হিসেবে মেয়েদের সামনে দ্রোপদী ও সীতাকে উপস্থাপন করা হয়। বলা হয়ে থাকে তাদের মতো সতী হওয়ার জন্য। সতী হওয়ার লাইসেন্সটি শুধু মেয়েদের অর্জন করতে হয়। পুরুষরা যেন ‘ধোয়া তুলসী পাতা’। তাদের কিছুই করতে হয় না। নারীর ওপর প্রভুত্ব খাটানোর যে প্রক্রিয়া দীর্ঘদিন থেকে চলে আসছে তা বলবত্ রাখাই তাদের কাজ।
তবে একটা আশার কথা, এ দেশের রাষ্ট্রীয় পর্যায়ে নারীর ক্ষমতায়ন লক্ষণীয়। এ দেশের প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, স্পিকারসহ অনেক মন্ত্রী ও উচ্চ পর্যায়ে নারীরা রয়েছেন। কিন্তু এই উচ্চপর্যায়ে নরীদের ক্ষমতায়ন সাধারণ বাঙালি নারীদের ক্ষেত্রে কতটুকু প্রভাব বিস্তার করতে পেরেছে সেটা ভাবার বিষয়। মহিলা আইনজীবী সমিতির এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে গড়ে প্রতিদিন ১৫-১৬ জন নারী ও শিশু নির্যাতিত হয়। মহিলা পরিষদ এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে নারীর রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে কোনো পদক্ষেপ, নীতি বা পরিকল্পনা নেওয়া হয়নি বলে হতাশা প্রকাশ করেছে। এই হচ্ছে বাঙালি নারীদের উচ্চপর্যায়ের ক্ষমতার মাঠপর্যায়ের বাস্তব চিত্র। এ দেশের উচ্চ পর্যায়ে অধিষ্ঠিত নারীদের দিকে না তাকিয়ে বরং বাঙালি নারীদের আত্মশক্তিতে বলিয়ান হতে হবে। তবেই নারী নির্যাতন নামক অভিশাপ থেকে এ দেশ মুক্ত হবে।
সিলেট