পাইকগাছায় ফিরছেন শত শত ইটভাটা শ্রমিক

ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ইটভাটায় কর্মরত শত শত শ্রমিক করোনা ঝুঁকি নিয়ে ফিরতে শুরু করেছে খুলনার পাইকগাছার বিভিন্ন এলাকায়। এদের কেউ কেউ অসুস্থ শরীর নিয়ে ফিরলেও প্রশাসনের কাছে অজ্ঞাত থাকছে। ফলে ভয়াবহ করোনা আতঙ্কে আছেন উপজেলার কপিলমুনিসহ পার্শ্ববর্তী এলাকার মানুষ। জানা গেছে, পাইকগাছার বিপুলসংখ্যক মানুষ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার ইট ভাটাগুলোতে কাজ করতে যান প্রতি মৌসুমে। এবারও তারা গিয়েছিলেন। কিন্তু করোনার প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় ভাটা বন্ধ করে তাদের ফেরত পাঠাচ্ছে মালিকরা। সারাদেশে অঘোষিত লকডাউন চলার কারণে নানা কৌশল অবলম্বনে রাতের আঁধারে ট্রাক, পিকআপে করে প্রায় প্রতিদিন রাতেই এসব শ্রমিকরা গাদাগাদি করে নিজ নিজ এলাকায় ফিরছেন। গত তিন দিনে শত শত শ্রমিক এলাকায় প্রবেশ করেছে। স্থানীয়দের অনেকে এমন বিষয়টি নিশ্চিত করেছেন এবং অবিলম্বে তাদের হোম কোয়ারেন্টাইনে রাখার নির্দেশনা জারি করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। জানা গেছে, কপিলমুনি, কাশিমনগর, শ্রীরামপুর, নোয়াকাটি, হরিদাশকাটি, প্রতাপকাঠি, সলুয়া, কাজীমুছা, হরিঢালী এলাকার শ্রমিকরা তাদের বাড়িতে ফেরা ও অবাধ চলাফেরা করার করণে অনেকে আক্রান্ত হতে পারে বলে আশঙ্কা এলাকাবাসীর।