যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে করোনা ভাইরাস মহামারিতে মৃতের সংখ্যা বাড়তে থাকায় মৃতদেহ সমাহিত করার জন্য গণকবর ব্যবহার হচ্ছে। সুরক্ষা পোশাক পরিহিত কর্মীরা গণকবরের মধ্যে কফিন নামিয়ে মাটি চাপা দিচ্ছেন, সম্প্রতি এমন ছবি প্রকাশিত হয়েছে। হার্ট দ্বীপের ওই ছবি ড্রোন থেকে ধারণ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পৃথিবীর যে কোনো একটি দেশের চেয়ে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেশি ছিল। গত কয়েক দিন ধরে সেখানে রেকর্ড সংখ্যক মানুষের মৃত্যু হচ্ছে। এরই মধ্যে নিউ ইয়র্কের হার্ট দ্বীপে গণকবর দেওয়ার ছবি পাওয়া গেছে। গণকবরে সমাহিত অনেকেই করোনা ভাইরাসে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। সাধারণত এই কবরস্থানে সপ্তাহে এক দিন মৃতদেহ সমাহিত করা হলেও করোনা মহামারি শুরুর পর সেখানে সপ্তাহে পাঁচ দিনই মৃতদেহ সমাহিত করা হচ্ছে।
গত ১৫০ বছর ধরে শেষকৃত্য আয়োজনে অক্ষমদের মরদেহ হার্ট দ্বীপে সমাহিত করা হয়। সেখানকার একটি কারাগারের কয়েদিরা মৃতদেহ সমাহিতের কাজ করলেও মহামারির সময়ে কাজের চাপ বাড়ায় চুক্তিভিত্তিক কর্মীদের আনা হয়েছে। উল্লেখ্য, নিউ ইয়র্ক শহরের মেয়র বিল দে ব্লাসিও সম্প্রতি জানান, সংকট চলার সময়ে হয়তো অস্থায়ী কবরস্থানের প্রয়োজন পড়তে পারে। আর হার্ট দ্বীপেই তা করা হবে বলে তিনি ইঙ্গিত দেন।
ওয়ার্ল্ডমিটার্স ইনফোর দেওয়া তথ্য অনুযায়ী শুক্রবার সন্ধ্যা পর্যন্ত বিশ্ব জুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল ১৬ লাখ ১৭ হজার ৫৩০ জন এবং মৃতের সংখ্যা ছিল ৯৬ হাজার ৯৪০ জন। এই ভাইরাসের উত্পত্তিস্থল চীনে আক্রান্ত হয়েছে প্রায় ৮২ হাজার মানুষ, মারা গেছে তিন হাজার ৩৩৬ জন। স্পেনে আক্রান্ত এক লাখ ৫৭ হাজার, মৃত ১৫ হাজার ৮৪৩ জন। ইতালিতে এক লাখ ৪৩ হাজারের বেশি মানুষের মধ্যে ভাইরাস সংক্রমিত হয়েছে, মারা গেছে ১৮ হজারা ২৭৯। অপরদিকে শুধু যুক্তরাষ্ট্রে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে প্রায় ৪ লাখ ৬৯ হাজার আর মৃত্যু হয়েছে সাড়ে ১৬ হাজারেরও বেশি মানুষের। এর মধ্যে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ৬১ হাজার এবং মৃত্যুর সংখ্যা ৭ হাজার ছাড়িয়ে গেছে।