সিংড়ায় তরুণদের নৌকার পক্ষে ব্যতিক্রম র্যালি

সিংড়ায় নৌকার পক্ষে তরুণ ও নতুন ভোটারদের ব্যতিক্রম র্যালি হয়েছে। বুধবার বিকেলে পাঁচ শতাধিক তরুণ ও নতুন ভোটার নৌকার পক্ষে এই ব্যতিক্রম র্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্মৃতিসৌধ প্রাঙ্গণে পথসভা করে।

র্যালিতে নতুনদের প্রথম ভোট নৌকার পক্ষে হোক, তরুণদের প্রথম ভোট সুশাসনের পক্ষে হোক, নতুনদের সালাম নিন নৌকা মার্কায় ভোট দিন, উন্নয়ন বুঝে নিনসহ বিভিন্ন শ্লোগান দেওয়া হয়। পথসভায় বক্তব্য রাখেন, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, তরুণ ভোটার এমিল হাসিবুল, জ্যোতি সরকার, ফয়সাল আহমেদ প্রমুখ।

নতুন ভোটার ফয়সাল আহমেদ বলেন, আমি নতুন প্রজন্ম, আমি চলনবিলের সন্তান। সিংড়া ছিল অবহেলিত। পলক ভাই নির্বাচিত হওয়ার পর সিংড়া তথা চলনবিলের ব্যাপক উন্নয়ন হয়েছে।

জ্যোতি সরকার বলেন, অন্ধকারাচ্ছন্ন সিংড়াকে আলোকিত করেছে পলক ভাই। তাই আমরা নৌকার পক্ষে। নতুনদের প্রথম ভোট স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে হোক।

এমিল হাসিবুল বলেন, পলক ভাইয়ের ঐকান্তিক প্রচেষ্টায় সিংড়াতে একটি হাইটেক পার্ক হচ্ছে যেখানে ২০ হাজার লোকের কর্মসংস্থান হবে। সিংড়াতে নৌকা ও পলক এখন সকলের মুখে মুখে উচ্চারিত হচ্ছে।