সিঙ্গাপুরে ‘সার্কিটব্রেকার কর্মসূচির আওতায় সব ধরনের নির্মাণকাজ বন্ধ রাখা হয়েছে। তবে বাংলাদেশি শ্রমিকদের সম্পূর্ণ বেতনসহ আনুষঙ্গিক সুবিধা বহাল রয়েছে। এছাড়া সব শ্রমিককে বিনামূল্যে খাবার ও চিকিত্সা সুবিধা প্রদান করা হচ্ছে। সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষনান বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে ফোনে আলাপকালে এ কথা জানিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী, সিঙ্গাপুরে ১৪৮১ জন করোনায় আক্রান্তের মধ্যে ২৪৪ জন বাংলাদেশি। আরো বেশ কিছু সংখ্যক বাংলাদেশিকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের চিকিত্সাসহ সার্বিক তত্ত্বাবধানে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছে সিঙ্গাপুর সরকার। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিঙ্গাপুরে প্রথম আক্রান্ত পাঁচ জনের মধ্যে চার জনই এখন সুস্থ। গুরুতর অসুস্থ একজনের অবস্থারও উন্নতি হয়েছে।