তাঁদের আছে কন্যা সন্তান, নেই পুত্র সন্তান। তাই নির্বাচনে বাবার পক্ষে বিরামহীনভাবে সরব প্রচার-প্রচারণা, গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকসহ পথসভা ও জনসভায় বক্তব্য রাখছেন। ভোটের মাঠে তাঁরা ভোটারদের আকৃষ্ট করছেন। ভোটারেরাও তাঁদের সাদরে বরণ করে নিচ্ছেন। তাঁরা হলেন, কুমিল্লা-৬ (আদর্শ সদর, সিটি করপোরেশন) আসনে আওয়ামী লীগের প্রার্থী আ ক ম বাহাউদ্দিনের মেয়ে তাহসীন বাহার, কুমিল্লা-১০ (সদর দক্ষিণ, নাঙ্গলকোট ও লালমাই) আসনে আওয়ামী লীগের প্রার্থী পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামালের মেয়ে কাশফি কামাল ও নাফিসা কামাল এবং একই আসনে বিএনপির প্রার্থী মনিরুল হক চৌধুরীর মেয়ে ড. চৌধুরী সায়মা ফেরদৌস।
পারিবারিক সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আ ক ম বাহাউদ্দিনের মেয়ে তাহসীন বাহার কুমিল্লার স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক। তাঁর সঙ্গে কুমিল্লা নগরীর এক ঝাঁক তরুণ-তরুণী নৌকার পক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের মেয়ে নাফিসা কামাল টি-টুয়েন্টি ক্রিকেটে বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারম্যান ও লালমাই ক্রিকেট একাডেমির সভাপতি। তিনিও তাঁর বাবার বিজয়ের লক্ষ্যে পথসভা, উঠান বৈঠকসহ এলাকায় গণসংযোগ করেছেন। জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের অন্যতম সমন্বয়ক মনিরুল হক চৌধুরীর মেয়ে ড. চৌধুরী সায়মা ফেরদৌস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অধ্যাপক। তাঁরা চার বোন। তাঁর অপর তিন বোন আমেরিকা, সিঙ্গাপুর ও ফিনল্যান্ডে আছেন। তাঁর বাবা গত ২৪ অক্টোবর থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আছেন। এরপর থেকে সায়মা তাঁর বাবার জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। কারাগার ও আদালতে তাঁর বাবার জামিনের জন্যও দৌড়াদৌড়ি করছেন। তিনি তাঁর বাবার প্রধান নির্বাচনী এজেন্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন।