বাগেরহাট-২ সদর-কচুয়া আসনের আওয়ামী লীগ দলীয় প্রার্থী বঙ্গবন্ধুর নাতি শেখ সারহান নাসের তন্ময়ের শেষ নির্বাচনী জনসভায় ভোট চাইলেন তার পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার বিকালে বাগেরহাট শহরের খানজাহান আলী ডিগ্রি কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তার বাবা সাংসদ শেখ হেলাল উদ্দীন, মা রূপা চৌধুরী, ছোট বোন ব্যারিস্টার শেখ অনন্যা, স্ত্রী ইফরা উদ্দীন, মামা, মামা শ্বশুর ও ভগ্নিপতি জনসভায় যোগ দিয়ে শেখ তন্ময়কে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান।
প্রার্থী তন্ময়ের ছোট বোন ব্যারিস্টার শেখ অনন্যা বলেন, প্রথমবারের মতো শেখ পরিবারের কনিষ্ঠ সদস্য আমার ভাইকে জননেত্রী শেখ হাসিনা নৌকা প্রতীকে মনোনয়ন দিয়েছেন। আপনারা তাকে যে ভালোবাসা দিয়ে আপন করে নিয়েছেন তাতে আমরা সত্যিই আনন্দিত। আগামী নির্বাচনে আপনারা তাকে ভোট দিয়ে বিজয়ী করবেন।
তন্ময়ের সহধর্মিণী ইফরা উদ্দীন বলেন, তন্ময়কে নৌকা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করলে আপনারা একজন ভালো মানুষকে পাবেন।
জনসভার প্রধান অতিথি বাগেরহাট-১ আসনের প্রার্থী সাংসদ ও খুলনা বিভাগীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক শেখ হেলাল উদ্দীন বলেন, আমরা-বাবা ছেলে পাশাপাশি দুটি আসন থেকে আসন্ন নির্বাচনে প্রার্থী হয়েছি। আজ এই মাঠ জনতায় পরিপূর্ণ হয়ে গেছে। আমার রাজনৈতিক জীবনে আমি নিজেও এতোবড় জনসভায় কোনোদিন বক্তব্য দিতে পারিনি। আপনারা আমার ছেলে ও আমাকে যে ভালোবাসা দিয়েছেন তার জন্য বাগেরহাটবাসীর কাছে চিরঋণী হয়ে থাকলাম। আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে আপনারা নৌকা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবেন সেই প্রত্যাশা রাখছি।
প্রার্থী শেখ তন্ময় বলেন, আপনাদের ভালোবাসা আমার বড় পাওয়া। আমি এখানে নেতৃত্ব দিতে আসিনি, এসেছি আপনাদের সেবা করতে। তাই আপনাদের কাছে একটাই চাওয়া আমাকে সেবা করতে সাথে থাকার সুযোগ দিন। আমার বিশ্বাস আপনারা আমাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে উন্নয়নের কথা বলার সুযোগ করে দেবেন। বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকুর সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম কামাল হোসেন, অ্যাড. আমিরুল আলম মিলন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশা, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হেপী বড়াল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, অপর যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন টগরসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।