দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন -------আবুল হাসানাত আবদুল্লাহ

বরিশাল-১ আসনে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণার শেষ দিনে আমবৌলা কেরামতিয়া মাদ্রাসা প্রাঙ্গণে নৌকা মার্কার শেষ উঠান বৈঠকে নিজের ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নৌকায় ভোট চাইলেন জাতির পিতার ভাগ্নে, প্রধানমন্ত্রীর বড় ভাই ও বরিশাল-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ আবুল হাসানাত আবদুল্লাহ। এই উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে আবুল হাসানাত আবদুল্লাহ বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে নৌকায় ভোট দিন। শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হলে দক্ষিণ বাংলাসহ সমগ্র দেশের উন্নয়ন কাজ থেমে যাবে। হাসিনার নেতৃত্বে দেশ আজ স্বয়ংসম্পূর্ণ। আর জিয়াউর রহমানের মৃত্যুর পরে মিডিয়াতে ভাঙা সুটকেস আর ছেঁড়া গেঞ্জি দেশের জনতাকে দেখালেও সেই জিয়ার পুত্র তারেক জনগণের টাকা লুট করে এখন ১৬ হাজার কোটি টাকার মালিক। খালেদা নিজেও স্বামীর নামের প্রতিষ্ঠানের টাকা আত্মসাত্ করে জেল খাটছেন। বিএনপির জন্মই হয়েছে হত্যা, ক্যু রাজনীতির মাধ্যমে। তাই ওরা একযোগে দেশের ৬৪টি জেলায় সিরিজ বোমা হামলা করেছে। বোমা মেরে হত্যা করেছে ঝালকাঠির দুই বিচারককে। ২০০১ সালে প্রশাসনিক কারচুপির মাধ্যমে ক্ষমতায় এসে এলাকার সংখ্যালঘুদের রামশীল পাঠিয়েছিল ওরা। প্রতিহিংসার রাজনীতির কারণে ওরা আমার দেয়া গৌরনদীর বার্থীর সুতারবাড়ির নারায়ণ চক্রবর্তীর গরু পর্যন্ত চুবিয়ে হত্যা করেছে। ধর্মের নামে মানুষ হত্যা ওদের কাজ। অথচ জামায়াতের কোনো নেতা আজ পর্যন্ত হজ করেনি। ধর্মভীরু মুসল্লিদের ওরা ধর্মের নামে নিজেদের দলে টেনে জঙ্গি বানায়। ওরা প্রচার করেছিল, আওয়ামী লীগে ভোট দিলে মসজিদে উলুধ্বনি হবে। কোথায় হয়েছে? প্রশ্ন করে তিনি বলেন, স্বাধীনতা-বিরোধীরা সবসময়ই অপপ্রচারে লিপ্ত রয়েছে। ৩০ ডিসেম্বর নৌকা মার্কায় সবাইকে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

নির্বাচনী প্রচারণার শেষ দিনে বৃহস্পতিবার সন্ধ্যায় বাগধা ইউনিয়নের আমবৌলা কেরামতীয়া মাদ্রাসা প্রাঙ্গণে উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ও বাগধা ইউপি সাবেক চেয়ারম্যান আইয়ুব আলী মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, অ্যাডভোকেট দেবদাস সমদ্দার, উপজেলা আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আব্দুর রইচ সেরনিয়াবাত, সচিব আবু সালেহ লিটন, গৌরনদী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হারিছুর রহমান হারিছ, বরিশাল জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট রনজিত কুমার সমদ্দার, পেয়ারা ফারুক বক্তিয়ার, উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান প্রমুখ নেতৃবৃন্দ।

অন্যদিকে রাজিহার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে রাজিহার স্কুল মাঠে ওই ওয়ার্ডের সাধারণ সম্পাদক বিমল বালার সভাপতিত্বে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল হাসানাত আবদুল্লাহ’র পক্ষে নৌকায় ভোট প্রার্থনা করেন দলের নেতৃবৃন্দ। একই দিন পূর্ব সুজনকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আব্দুস সাত্তার মোল্লার সভাপতিত্বে অনুরূপ এক উঠান বৈঠকে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। একই দিন সন্ধ্যায় সদ্য আওয়ামী লীগে যোগদানকারী ফুল্লশ্রী গ্রামের শামীম ফকিরের নেতৃত্বে বিশাল মিছিল উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।