করোনায় কানাডায় মারা গেলেন জামাল আলী নামে আরো এক বাংলাদেশি। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা টরন্টো জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
মরহুম জামালের মামাতো ভাই এম এর আজিজ ইত্তেফাককে জানান, জামাল সিলেটের বিশ্বনাথ এলাকার অধিবাসী। তিন বছর বয়সে তিনি কানাডায় আসেন। তার বয়স হয়েছিলো ৪৫ বছর। তিনি দশ বছরের এক ছেলে, স্ত্রী এবং আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব রেখে যান। জামাল একটি আইটি কোম্পানিতে কর্মরত ছিলেন।
জামাল তৃতীয় বাংলাদেশি-কেনেডিয়ান, যিনি কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন। ইতোপূর্বে অটোয়ায় গত ৪ এপ্রিল শরিয়তুল্লাহ এবং গত ৫ এপ্রিল টরন্টোতে বীর মুক্তিযোদ্ধা হাজী তুতিউর রহমান।
জানা গেছে, আগামীকাল সীমিত আকারে জামালের জানাজার পর টরন্টোর পার্শ্ববর্তী শহর ভন সিটির পারিবারিক গোরস্থানে তার দাফন করা হবে।
উল্লেখ্য, এই রিপোর্ট লেখা পর্যন্ত কানাডায় করোনায় আক্রান্তের সংখ্যা ২২, ১৪৮ আর মৃত্যু বরণ করেছেন ৫৭০ জন।
ইত্তেফাক/এমআরএম