রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর, চন্দনী, বানীবহ ও বসন্তপুর ইউনিয়নের পাঁচ ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার বেলা ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম। পরে বেলা ১টা থেকে রাজবাড়ী সদর উপজেলাকে লকডাউন ঘোষণা করেছেন ইউএনও মো. সাইদুজ্জামান খান।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, রাজবাড়ী থেকে করোনা সন্দেহে ২৮ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় ইনস্টিটিউট অব পাবলিক হেলথ টেকনোলজিতে পাঠানো হয়। পরে রাজবাড়ী সদর উপজেলার পাঁচজনের শরীরে করোনা ভাইরাস আক্রান্তের রিপোর্ট পাওয়া যায়।
আক্রান্তরা সকলেই আপাতত নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে রয়েছেন। তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও চিকিৎসার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে ১০ জন করোনায় শনাক্ত, ২ গ্রাম ৯৩ বাড়ি লকডাউন
রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, রাজবাড়ী সদর উপজেলার শহরের বিনোদপুর এলাকার দুইজন, বাণীবহ ইউনিয়নের একজন, চন্দনী ইউনিয়নের ডাউকি গ্রামের একজন ও ফরিদপুরের মধুখালী থেকে সদর উপজেলায় আত্মীয় বাড়িতে বেড়াতে আসা একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন কার্যালয়।
ইত্তেফাক/এসি