লকডাউন বাড়াতে মোদিকে অনুরোধ জানালেন মুখ্যমন্ত্রীরা

করোনা ভাইরাসে বিশ্বজুড়ে দেশে দেশে নেওয়া হয়েছে লকডাউন কর্মসূচী। ভারতেও করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে দেওয়া হয়েছে লকডাউন। দেশটিতে লকডাউনের মেয়াদ বাড়াতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনুরোধ জানিয়েছেন ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। 

শনিবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে তারা এ অনুরোধ জানিয়েছে বলে খবর এনডিটিভির। খবরে বলা হয়, নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে পাঞ্জাব, দিল্লি, মহারাষ্ট্র, উত্তর প্রদেশসহ অন্তত ১০টি রাজ্যের মুখ্যমন্ত্রী লকডাউনের সময় বাড়াতে অনুরোধ করেছেন।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, লকডাউনের সিদ্ধান্ত কেন্দ্র না নিলে দেশজুড়ে ভাইরাসের সংক্রমণ মোকাবেলা অসম্ভব হয়ে পড়বে।

কেন্দ্রের সিদ্ধান্তের আগেই ওড়িষা এবং পাঞ্জাবের সরকার এপ্রিলের শেষ পর্যন্ত নিজ নিজ রাজ্যে লকডাউন বহাল রাখার ঘোষণা দিয়েছে।

লকডাউনের মেয়াদ বাড়ানোর পাশাপাশি শ্রমিকদের স্বার্থের বিষয়টিও দেখার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে শুধু মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানই পুরোপুরি লকডাউনের পক্ষে মত দেননি।

বিহারের সরকার লকডাউনের মেয়াদ বৃদ্ধিতে আপত্তি নেই জানালেও নির্মাণ খাত ও বন্যা ত্রাণ কার্যক্রমের জন্য বিধিনিষেধ তুলে নেয়ার অনুরোধ করেছে।

ভারতে গত মাসের শেষদিকে কেন্দ্রীয় সরকারের দেয়া ২১ দিনের লকডাউন মঙ্গলবার শেষ হচ্ছে। এরপর লকডাউনের মেয়াদ বাড়ানো হবে, নাকি অর্থনীতি সচল করতে ও নিম্নবিত্ত-শ্রমিকদের কাজে ফেরাতে বিধিনিষেধ শিথিল হবে তা নিয়ে কয়েকদিন ধরেই চলছে তুমুল আলোচনা।

লকডাউনের মধ্যেও ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। লাগাম টেনে ধরা যাচ্ছে না মৃতের সংখ্যাতেও।

আন্তর্জাতিক জরিপ সংখ্যা ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, দেশটিতে করোনায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৬০০ জন। মারা গেছেন ২৪৯ জন। সুস্থ হয়েছেন ৭৭৪ জন। এখন পর্যন্ত দেশটির ১ লাখ ৮৯ হাজার ১১১ জনের করোনা টেস্ট করা হয়েছে।


ইত্তেফাক/আরআই