জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৩ সিংড়া নির্বাচনী এলাকার বিভিন্ন ইউনিয়নে উঠান বৈঠক ও গণসংযোগ করেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির স্ত্রী আরিফা জেসমিন কনিকা ও বড় ছেলে অপূর্ব জুনাইদ। নির্বাচন কমিশন ঘোষিত প্রচার প্রচারণার নিয়মাবলি মেনে প্রতিদিন সকাল থেকে দীর্ঘ রাত পর্যন্ত বড় ছেলে অপূর্ব জুনাইদ ও নারী নেতৃবৃন্দকে নিয়ে তিনি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন। প্রতিমন্ত্রী স্ত্রী ও পুত্রকে কাছে পেয়ে ভীষণ খুশি নারী ভোটাররা। অনেক নারী ভোটার তাদের আবেগ ও দাবি-দাওয়া কনিকার কাছে তুলে ধরেন। কনিকা সিংড়ার চলমান উন্নয়ন অব্যাহত রাখতে আবারো পলককে নৌকা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান। এ সময় প্রচারণায় প্রতিমন্ত্রীর স্ত্রীর সঙ্গে ডা. ফারজনা রহমান দৃষ্টি, সাবেক ইউপি চেয়ারম্যান শামীমা রোজী, যুব মহিলা লীগ নেতা আমেনা খাতুনসহ আওয়ামী মহিলা লীগ, যুব মহিলা লীগ ও আত্মীয়-স্বজনরা ছিলেন।
তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির স্ত্রী আরিফা জেসমিন কনিকা বলেন, নৌকা মার্কার পক্ষে জনগণের কাছে ব্যাপক সাড়া পেয়েছি। বর্তমান সরকারের উন্নয়নে ভোটাররা অনেক খুশি। ইনশাল্লাহ এ আসন থেকে আবারো বিপুল ভোটে জুনাইদ আহমেদ পলক বিজয় লাভ করবে।