মাইক্রোসফটের রিমোট কাজের টুল ‘মাইক্রোসফট টিমস’ বিনামূল্যে ব্যবহার করার জন্য কারিগরি সহায়তা এবং প্রশিক্ষণ দিবে দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান ইজেনারেশন। কোভিড-১৯ এর প্রাদুর্ভাব আমাদের দৈনন্দিন জীবন ও অর্থনৈতিক কর্মকাণ্ডকে স্থবির করে ফেলেছে। এই পরিস্থিতিতে দেশের ব্যবসা ও প্রতিষ্ঠানগুলোকে সহায়তার করতে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) থেকে নতুন এই উদ্যোগটি নিয়েছে ইজেনারেশন। ইজেনারেশনের এই উদ্যোগে সরকার, স্বাস্থ্যসেবা এবং ফার্মাসিউটিক্যালস খাত অগ্রাধিকার পাবে, কারণ ইজেনারেশন বিশ্বাস করে, এসব খাত দেশে কোভিড-১৯ প্রাদুর্ভাব প্রতিরোধে অগ্রণী ভূমিকা পালন করছে। এছাড়া বাড়িতে বসেই যাতে শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের একাডেমিক কার্যক্রম ও নিয়মিত শিক্ষাক্রমে অংশগ্রহণ করতে পারে তার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানকেও অগ্রাধিকার দিতে চায় ইজেনারেশন। তবে অন্যান্য খাতও বিনামূল্যে এই কারিগরি সহায়তা ও প্রশিক্ষণ লাভ করতে পারবে। আন্তর্জাতিক সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট ইতিমধ্যেই ব্যবসা প্রতিষ্ঠানের জন্য তাদের অফিস ৩৬৫ ই১ সাবস্ক্রিপশন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য অফিস ৩৬৫ এ১ সাবস্ক্রিপশন আগামী ছয় মাসের জন্য বিনামূল্যে প্রদানের ঘোষণা দিয়েছে এবং উভয় সাবস্ক্রিপশনে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ও বাইরের মানুষের সঙ্গে যথাযথভাবে যোগাযোগ এবং সমন্বয়ের জন্য রিমোট ওয়ার্ক টুল ‘মাইক্রোসফট টিমস’ অন্তর্ভুক্ত রয়েছে।
ইজেনারেশন মাইক্রোসফটের সঙ্গে যৌথভাবে গত বৃহস্পতিবার এক ওয়েবিনারের আয়োজন করে যেখানে তুলে ধরা হয় কীভাবে প্রতিষ্ঠানগুলো বাড়িতে বসে কাজের ক্ষেত্রে সেরা চর্চাগুলো অনুসরণ করতে পারে এবং এই দুঃসময়ে কীভাবে মাইক্রোসফট টিমসের মাধ্যমে কার্যক্রম সচল রাখতে পারে। মাইক্রোসফটের সাউথ-ইস্ট এশিয়া নিউ মার্কেটস এর মার্কেটিং ও অপারেশন বিভাগের পরিচালক জাইদ আলকাধী এবং ইজেনারেশনের নির্বাহী ভাইস চেয়ারম্যান এসএম আশরাফুল ইসলাম সেশনটি পরিচালনা করেন। বিনামূল্যে মাইক্রোসফট টিমস ব্যবহার ও প্রশিক্ষণের জন্য বিস্তারিত জানতে আগ্রহী প্রতিষ্ঠানগুলো ইমেইলে (info@egeneration.co) যোগাযোগ করতে পারবেন।