বিনোদন রিপোর্ট
করোনার এই দুর্যোগে ছোটপর্দার চার সংগঠন এক প্লাটফর্মে এসে অস্বচ্ছল শিল্পী ও কলাকুশলীদের পাশে দাঁড়িয়েছে। প্রোডিউসার অ্যাসোসিয়েশন, ডিরেক্টরস গিল্ড, অভিনয়শিল্পী সংঘ ও নাট্যকার সংঘ এই ৪টি সংগঠন এরইমধ্যে ৪৯২ জনকে আর্থিক সহায়তা দিয়েছে। নাট্যজন মামুনুর রশিদের উপস্থিতিতে এই সহায়তা দেওয়া হয়।
এ সময় প্রতিটি সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অভিনয়শিল্পী সংঘের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সংগঠনটি জানায়, করোনায় শুটিং বন্ধ হয়ে যাওয়ার পরই ৪টি সংগঠন নিয়মিত তাদের মধ্যে যোগাযোগ করে একসঙ্গে কাজ করার পরিকল্পনা করছিল। সেই পরিকল্পনার অংশ হিসেবে এই আর্থিক সহায়তা দেওয়া হলো। জানা যায়, প্রোডিউসার অ্যাসোসিয়েশন, ডিরেক্টরস গিল্ডস, অভিনয়শিল্পী সংঘ ও নাট্যকার সংঘ মিলে ৫ লাখ টাকার ফান্ড তৈরি করেছে। তারা ছাড়াও আরও ১২টি সংগঠনের উদ্যোগে অস্বচ্ছল সদস্যদের সহযোগিতা করা হয়েছে। বিশেষ করে প্রোডাকশন বয়, লাইট অ্যাসিস্ট্যান্ট, মেকআপ আর্টিস্ট, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরদের এগুলো দেওয়া হয়। সংগঠনগুলো থেকে জানানো হয়, ভবিষ্যতেও শিল্পী ও কলাকুশলীদের পাশে থাকবে তারা।