আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে ----------------------- পররাষ্ট্রমন্ত্রী

দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের মহাজোট ও আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি বলেছেন, দেশে উন্নয়নের অপ্রতিরোধ্য ধারা চলছে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সেই ধারা অব্যাহত রাখতে ৩০ ডিসেম্বর নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে এবং প্রধানমন্ত্রী করতে হবে। নৌকা হচ্ছে উন্নয়ন, নৌকা হচ্ছে উন্নতি, নৌকা হচ্ছে শান্তির প্রতীক। নৌকায় ভোট দিয়ে কেউ কখনো ঠকেনি। নৌকায় ভোট দিয়েই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশ নামের একটি দেশ উপহার দিয়েছেন এ জাতিকে।

বৃহস্পতিবার চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়নের বেলতলীবাজারে নৌকা মার্কার নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

পথসভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আয়ুবুর রহমান শাহ্র সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আহসানুল হক মুকুল, ঢাকা ল্যাব এইড হাসপাতালের অর্থোপেডিক্স বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন, সাবেক পুলিশ সুপার গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিবেশ ও বন বিষয়ক সম্পাদক মো. তারিকুল ইসলাম তারিক প্রমুখ বক্তব্য রাখেন।