খেটে খাওয়া মানুষের ঘরে ত্রাণসামগ্রী পৌঁছে দিন

করোনা ভাইরাসের কারণে গৃহবন্দি হয়ে থাকায় কর্মহীন হয়ে পড়েছি। আমার মতো অনেকেই কর্মহীন হয়ে পড়েছে। এককথায়—আমরা যারা খেটে খাওয়া মানুষ, দিন এনে দিন খাই—কামাই-রুজি না থাকায় এবং হাতে টাকা-পয়সা না থাকায় আমরা এখন না-খেয়ে মরতে বসেছি। হাত পাতার অভ্যাস নেই বলে কারো কাছে কিছু চাইতে পারি না এবং সরকারি-বেসরকারিসহ কারো কাছ থেকে ত্রাণসামগ্রীও পাচ্ছি না। সংবাদপত্রে দেখছি— ত্রাণসামগ্রী নিতে সামাজিক দূরত্ব বজায় না রেখে একসঙ্গে নারী-পুরুষ ভিড় জমাচ্ছে। এ পরিস্থিতিতে করোনা ভাইরাসের আশঙ্কা বাড়ছে। অনেকেই আইডি কার্ডের ফটোকপি জমা দেওয়ার পরও ত্রাণভোগীর তালিকা থেকে বাদ পড়েছে এবং আরো অনেকে আইডি কার্ডের ফটোকপি জমা দেওয়ার খবরও পায়নি। তাই সংশি­ষ্ট কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন এই যে, বাড়ি বাড়ি লোক পাঠিয়ে প্রত্যেকের আইডি কার্ডের ফটোকপি সংগ্রহ করা অথবা ত্রাণসামগ্রী দেওয়ার বার্তা বা ঘরে ঘরে গিয়ে খাদ্য বা  ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হোক। এক্ষেত্রে সামাজিক দূরত্বটাও যেমন বাড়বে, তেমন করোনা ছড়ানোর আশঙ্কাও কম থাকবে।

মোহাম্মদ আবদুল্ল­াহ

ভাটিয়া পূর্বপাড়া (মৌলবী বাড়ি),

নিয়ামতপুর, করিমগঞ্জ, কিশোরগঞ্জ