অস্ট্রেলিয়া সিরিজ স্থগিত
স্পোর্টস রিপোর্টার
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে আগামী জুনে বাংলাদেশ সফরে দুটি টেস্ট খেলার কথা ছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। করোনা ভাইরাসের কারণে এই সিরিজ স্থগিত করা হয়েছে। অস্ট্রেলিয়ার দুই টেস্ট স্থগিত হওয়ার খবরকে শাপেবর হিসেবেই দেখছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক।
তার মতে, নিকট ভবিষ্যতে যখনই নতুন সূচি হবে তখন সাকিব আল হাসানকে নিয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে পারবে বাংলাদেশ। আর সাকিবকে পাবেন বলেই এখন সিরিজ স্থগিত হওয়ায় খুব একটা চিন্তিত নন মুমিনুল।
জুনে অস্ট্রেলিয়ার সফরসূচিও চূড়ান্ত করে ফেলেছিল বিসিবি। কিন্তু বাধার দেওয়াল হয়ে দাঁড়াল করোনা ভাইরাস। মহামারি রূপ ধারণ করা এই ভাইরাসের কারণে দুই টেস্টের এই সফর স্থগিত করা হয়েছে। গত ৯ এপ্রিল সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, দুই বোর্ড সম্মিলিতভাবেই এই সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তীতে সুবিধাজনক সময়ে আয়োজন করা হবে দুটি টেস্ট।
ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন সাকিব। গত বছরের শেষ দিকে এই শাস্তি দেয় আইসিসি। তবে এক বছর পরই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন এই বাঁহাতি। অক্টোবরেই শেষ হবে তার নিষেধাজ্ঞা। সূচি অনুযায়ী জুনে খেলা হলে সাকিবকে ছাড়াই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে হতো বাংলাদেশকে।
করোনার টেস্ট সিরিজ স্থগিত হওয়ায় হতাশ নন মুমিনুল। ক্রিকবাজকে বাংলাদেশের টেস্ট অধিনায়ক বলেছেন, ‘অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই টেস্ট স্থগিত হওয়ায় আমি হতাশ নই। এটা বরং তাদের বিরুদ্ধে আমাদের পূর্ণ শক্তি নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার দরজা খুলে দিয়েছে। যদি দুই টেস্ট আগামী বছর চলে যায় তাহলে আমরা সাকিব ভাইকে আমাদের দলে ফিরে পাব।’
মুমিনুল আরো বলেন, ‘সাকিব ভাইয়ের উপস্থিতি স্বাভাবিকভাবেই দলকে উজ্জীবিত করবে। কারণ তিনি না থাকলে আমাকে আরেকজন বাঁহাতি স্পিনার খুঁজতে হতো। তাই এটা একদিক থেকে ভালো। এদিক থেকে আমি চিন্তিত ছিলাম না এই মুহূর্তে যেভাবে চলছে। যদি টেস্ট আগামী বছর এপ্রিলে যায়, তখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার জন্য সাকিব ভাই প্রস্তুত থাকবে। অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে নামার আগে আমি অবশ্যই আমার সেরা প্লেয়ারকে দলে চাইব।’
উল্লেখ্য, ২০১৭ সালে প্রথমবার সাদা পোশাকে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল বাংলাদেশ। সাকিব-তাইজুলের ঘূর্ণিতে মিরপুর টেস্টে স্মিথবাহিনীর বিরুদ্ধে ২০ রানের জয়ে ইতিহাস গড়েছিল মুশফিকের নেতৃত্বাধীন বাংলাদেশ।