স্পোর্টস ডেস্ক
করোনা ভাইরাসের প্রকোপে ভারতকে ২১ দিনের জন্য লক ডাউন ঘোষণা করা হলেও এখনো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসতে পারেনি বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। তবে, একটা ব্যাপার নিশ্চিত যে এপ্রিলে অন্তত এই আসর মাঠে গড়াচ্ছে না। এমন ইঙ্গিত দিলেন টুর্নামেন্ট আয়োজক কমিটির সাবেক চেয়ারম্যান রাজিব শুক্লা।
প্রাথমিকভাবে আইপিএলের ১৩তম আসর চলতি মার্চের ২৯ তারিখ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনা ভাইরাসের প্রকোপে সেটা ১৫ এপ্রিল পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়। এখন লক ডাউন পরিস্থিতিতে বিসিসিআই দেশের সরকার ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রাখছে। ছোটো পরিসরে আইপিএল আয়োজনের গুঞ্জনও আছে।
রাজিব শুক্লা বলেন, ‘বিসিসিআইয়ের সেরকম কোনো প্রস্তুতিই দেখছি না, এখন আমাদের অগ্রাধিকার করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করা ও মানুষের জীবন বাঁচানো। সরকারের ওপর সব নির্ভর করছে, তারা কী সিদ্ধান্ত নেয়। সরকারের সিদ্ধান্ত অনুযায়ীই আমরা চলব। শোনা যাচ্ছে, লকডাউন বাড়তে পারে, যদি মনে করা হয় আইপিএল ১৫ এপ্রিল শুরু হবে, তাহলে এটা অসম্ভব।’
ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি অবস্থা বিবেচনা করে লকডাউনের সময়সীমা বাড়িয়ে দেবে ভারতীয় সরকার। তারা এটাও জানাচ্ছে যে, জুলাই কিংবা আগামী শীতে টুর্নামেন্টটির ত্রয়োদশ আসর আয়োজন করার পরিকল্পনা করছে বিসিসিআই।