ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপ বাতিল

স্পোর্টস ডেস্ক

নতুন মৌসুম শুরুর আগে প্রতি বছরই এশিয়া ও যুক্তরাষ্ট্রে ‘ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপ’ প্রীতি টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করে বড়ো ইউরোপীয় দলগুলো। তবে করোনা ভাইরাসের কারণে এবার এই প্রীতি টুর্নামেন্টকে বাতিল ঘোষণা করেছে আয়োজকেরা।

দুই মৌসুমের মাঝামাঝি সময়টাকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্র আর এশিয়ায় ফুটবল বিপণন, বাড়তি আয় আর নতুন মৌসুম শুরুর আগে দলের নতুন সদস্যদের বাজিয়ে দেখা, নিজেদের ঝালিয়ে নেওয়া ইত্যাদি উদ্দেশ্য নিয়ে ২০১৩ সালে মাঠে গড়ায় রেলেভেন্ট স্পোর্টস গ্রুপের মস্তিষ্কপ্রসূত টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপ। পরের আট বছরে এর জনপ্রিয়তা বেড়েছে বই কমেনি একটুও। এই সময়ে বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদও নিজেদের মুখোমুখি হয়েছে বেশ কবার। এবারও সম্ভাবনা ছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মুখোমুখি লড়াইয়ের। তবে করোনার ছোবলে সেই সম্ভাবনা এবারের মতো মিলিয়ে গেছে।

গতকাল শনিবার এক টুইট বার্তায় আনুষ্ঠানিকভাবে এবারের আসর বাতিলের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। তবে পরিস্থিতি ঠিক থাকলে আগামী বছর থেকে আবারও নিয়মিত হওয়ার আশাবাদ ব্যক্ত করে টুর্নামেন্ট কর্তৃপক্ষ।