করোনা ভাইরাসের প্রকোপে বন্ধ থাকা ইংলিশ প্রিমিয়ার লিগ যখনই মাঠে ফিরবে, সব খেলোয়াড়কে পরীক্ষার পরই ফেরা উচিত বলে মন্তব্য করেছেন লিগ ম্যানেজার্স অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী রিচার্ড বেভান। আর এ ব্যাপারে লিগের সব কোচের সম্মতি আছে বলেও জানিয়েছেন তিনি। বেভানের ভাষ্য, ‘খেলোয়াড়দের সবার করোনা পরীক্ষা করার আগ পর্যন্ত মাঠে ফিরতে চান না আমাদের কোচেরা।’ তবে খেলোয়াড়দের পরীক্ষা সব ধরনের হাসপাতাল কর্মী, রোগী, স্বাস্থ্যকর্মী ও তাদের পরিবারের সবার পরীক্ষার পরেই করা হোক, এমনটাই ইচ্ছা তার। বেভান বলেন, ‘ব্যাপারটা সরকারকেই নিশ্চিত করতে হবে কারণ খেলোয়াড়দের পরীক্ষা করা হলে হাসপাতালের কর্মী, রোগী, স্বাস্থ্যকর্মী ও তাদের পরিবারের জন্য পরীক্ষা কিটের ঘাটতি পড়তে পারে।’